হাওড়া গ্রামীণ জেলায় আরও একটি এসডিপিও অফিস ও একটি থানা

আমাদের ভারত, হাওড়া, ১২ ফেব্রুয়ারি: মানুষের কাছে পুলিশ প্রশাসনের পরিষেবা আরও দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার থেকে হাওড়া গ্রামীণ জেলায় আমতা জোনের নতুন এসডিপিও অফিস চালু হল পাশাপাশি আরও একটি নতুন থানাও শুক্রবার থেকে আত্মপ্রকাশ করল জেলায়।

এদিন সকালে উদয়নারায়ণপুরের ভবানীপুর ঘোষপাড়ায় নতুন এসডিপিও অফিস ও উদয়নারায়ণপুরের পেড়োয় নতুন থানার উদ্বোধন করেন ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ শিশ রাম ঝাঝারিয়া। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ডাঃ নির্মল মাজি, উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা, হাওড়া জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ সীতানাথ ঘোষ ও রমেশ পাল সহ অন্যান্যরা।

হাওড়া গ্রামীণ জেলায় উলুবেড়িয়া এসডিপিও অফিসের অধীনে উলুবেড়িয়া, রাজাপুর, বাউড়িয়া, শ্যামপুর, আমতা, বাগনান, জয়পুর, উদয়নারায়ণপুর থানার পাশাপাশি উলুবেড়িয়া মহিলা থানা ছিল। এসডিপিও অফিস উলুবেড়িয়ায় থাকার কারণে দূর দূরান্ত থেকে মানুষদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হত। আর এই সমস্যার সমাধানে আমতা জোনের নতুন এসডিপিও অফিস তৈরি করা হল। প্রশাসন সূত্রে খবর, নতুন এসডিপিও অফিসের অধীনে আমতা, উদয়নারায়ণপুর, জয়পুর ও পেড়ো থানা থাকছে। আমতা জোনে নতুন এসডিপিও’র দায়িত্ব নিয়েছেন ডিএসপি পদমর্যাদার অধিকারীক কৃষ্ণেন্দু ঘোষদস্তিদার।

অন্যদিকে, এদিন উদয়নারায়ণপুর থানা ভেঙ্গে নতুন পেড়ো থানা করা হল। প্রশাসন সূত্রে খবর, নতুন পেড়ো থানার অধীনে আমতার কানপুর, বসন্তপুর, আনুলিয়া, খোশালপুর, বালিচক ছাড়াও উদয়নারায়ণপুরের হরিশপুর ও খিলা অঞ্চল থাকছে। নতুন থানার দায়িত্ব দেওয়া হয়েছে সাব ইন্সপেক্টর পিয়ালী ঘোষকে। শুক্রবার থেকেই তিনি তার দায়িত্ব নিয়েছেন।

উদয়নারায়ণপুর বিধানসভা এলাকায় নতুন থানা প্রসঙ্গে উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা জানান, মানুষের কাছে পুলিশের পরিষেবা আরও ভালো করে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন খানা তৈরি করা হল। নিজের এলাকায় নতুন থানা তৈরি হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান বিধায়ক সমীর পাঁজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *