সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ জুন: বনগাঁ মহাকুমা হাসপাতাল চত্বরে আটক হওয়া দুই দুষ্কৃতীর কাছ থেকে অস্ত্র উদ্ধার কান্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত থেকে শাহাজুল মণ্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে।
বনগাঁ হাসপাতাল চত্বরে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে দুই দুষ্কৃতীকে আটক করেছিল বিএসএফের ১২৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। পরে দু’জনকেই তুলে দেওয়া হয় বনগাঁ থানার পুলিশের হাতে। তল্লাশি চালিয়ে এঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
পুলিশ সুত্রে জানিয়েছে, ধৃতরা হল অমিতাভ মিত্র এবং জামাল উদ্দিন মন্ডল। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল, দুটো ম্যাগাজিন, একটি দেশি বন্দুক, একটি স্কুটি সহ ২৬ হাজার ৮০০ ভারতীয় টাকা উদ্ধার করা হয়েছে।ধৃতদের স্কুটিটাও বাজেয়াপ্ত করেছে। শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে ধৃতদের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। ধৃতদের পুলিশ জেরা করে শাহাজুল অরফে সোনা মন্ডল নামে অপর এক দুষ্কৃতীর কথা জানতে পারে। অভিযুক্ত শাহাজুল মন্ডলকে বনগাঁ থানার পুলিশ এদিন রাতে পেট্রাপোল থানা এলাকার পেট্রাপোল সীমান্ত থেকে গ্রেফতার করে। শাহাজুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে বনগাঁ থানার পুলিশ।
ধৃতকে রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ জানিয়েছে, বনগাঁ সীমান্ত এলাকায় দুষ্কৃতীরা কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র পেয়েছে তাঁর তল্লাশি চালাচ্ছে।

