ফের দুষ্কৃতি তাণ্ডবের অভিযোগ জলপাইগুড়ির সোনাউল্লা উচ্চ বিদ্যালয়ে, এলাকায় আতঙ্ক

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৬ আগস্ট: স্কুলে ফের দুষ্কৃতি তাণ্ডবের অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ির সোনাউল্লা উচ্চ বিদ্যালয়ের ভেতরে ঢুকে দুষ্কৃতীরা দরকারি জিনিসপত্র ও ট্রাঙ্ক ভেঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র লন্ডভন্ড করেছে বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। তিনদিন যেতে না যেতেই দুষ্কৃতীদের এমন তান্ডবে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে স্কুলে।

স্কুলের তরফে জানানো হয় গতকাল রাতে কমন রুমের তালা ভেঙ্গে ভেতরের একটি ট্রাঙ্ক বাইরে বের করে লন্ডভন্ড করা হয়েছে। লাইব্রেরির তালা ভেঙ্গে বইপত্র এদিকে ওদিকে ছড়িয়ে ফেলা হয়। পাশাপাশি কেমিস্ট্রি ল্যাবের দরজার লক বারবার আঘাত করে ভাঙ্গার চেষ্টা করে দুষ্কৃতীরা। এখনো পর্যন্ত চুরি যাওয়ার কিছু প্রমাণ সামনে না এলেও চুরি করার চেষ্টা করা হয়েছিল বলে জানায় কর্তৃপক্ষ। বার বার কোতোয়ালি থানায় অভিযোগ করেও কাজ হচ্ছে না বলে অভিযোগ। এদিনের ঘটনা জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে। পুলিশ স্কুলে আসে। পুলিশের দাবি, খুব দ্রুতই অপরাধীদের সনাক্ত করে আটক করা হবে।

বিদ্যালয়ের গণিতের শিক্ষক রথীন্দ্রনাথ দে সরকার বলেন, “বারবার এমন ঘটনায় আমরা অনেকটাই নিরাপত্তাহীনতায় ভুগছি। স্কুলের যিনি নাইট গার্ড আছেন তিনি বয়স্ক মানুষ। আমাদের ভয় হচ্ছে দুষ্কৃতীরা তার কোনো ক্ষতি করতে পারে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায়।”

শহরের বাসিন্দা তথা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় শা বলেন, তিনদিন আগেও ঠিক একই রকম ঘটনা ঘটেছিল স্কুলে। আমার মনে হচ্ছে বার বার এমন ঘটনায় স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে এই দুষ্কৃতীরা একটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। পুলিশ প্রশাসনকেও বিষয়টি এখন চ্যালেঞ্জের সাথে দেখা উচিত বলে মনে করেন তিনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *