ফের শুটআউট রাজ্যে, দত্তপুকুরে প্রাণ গেল এক বিজেপি নেতার

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগনা, আমাদের ভারত, ২৮ জুন: ফের শুটআউটের ঘটনা ঘটল এরাজ্যে। সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ গুলি চলল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকায়। প্রাণ গেল এক বিজেপি নেতার। সোমবার রাতের এই ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে , মৃতের নাম মন্মথ মণ্ডল (৫৫)। দত্তপুকুর এলাকার কাশেমপুরের নতুন পাড়ার বাসিন্দা তিনি। জমির ব্যবসা করতেন। রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি এলাকাবাসীর।

গতকাল রাত সাড়ে ন’টা নাগাদ খেজুরতলা এলাকায় পরপর চার রাউন্ড গুলি চলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে বাড়ি থেকে বেরিয়ে ফোনে কথা বলতে বলতে খেজুরতলার দিকে যান মন্মথবাবু। এরপরই গুলির শব্দ শুনতে পায় এলাকার বাসিন্দারা। তড়িঘড়ি সকলে ঘটনাস্থলে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মন্মথবাবু। তাঁর মাথায় এবং কানের নিচে গুলি লাগে বলে জানা গিয়েছে।

খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই খুন বলে অনুমান করছেন স্থানীয়রা। এ বিষয়ে মৃতের আত্মীয় বাপি দত্ত বলেন, “জমির দালালি করতেন মন্মথ। ওঁকে দুটি গুলি করে দুষ্কৃতীরা। জমির দালালি নিয়ে দ্বন্দ্বের কারণে খুন বলে অনুমান।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে দত্তপুকুর এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *