আমাদের ভারত, ২৪ এপ্রিল: রাজ্যে আবার আল-কায়েদার জঙ্গি সন্দেহে একজন গ্রেপ্তার হলো। হুগলির দাদপুর থানা এলাকা থেকে গ্রেফতার হয়েছে নাসিম উদ্দিন শেখ নামে এক ব্যক্তি। সোমবার রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স গ্রেপ্তার করেছেন নাসিম উদ্দিনকে। প্রাথমিকভাবে জানাগেছে, নাসিম উদ্দিন শেখ মুর্শিদাবাদের খড়গ্রামের বাসিন্দা। কয়েকদিন আগে তিনি দাদপুরে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। তিনি এক বছর ধরে পলাতক ছিলেন।
আগে থেকে থাকা খবরের ভিত্তিতে অতর্কিত হানা দেয় এসটিএফ। নাসিমউদ্দিনের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। সেগুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে পুলিশ জানিয়েছে, আগে গ্রেপ্তার হওয়া আল কায়দা জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল নাসিম উদ্দিনের। ধৃতকে বুধবার বারাসাত আদালতে পেশ করা হবে।
এর আগে নভেম্বর মাসে জঙ্গি সন্দেহে মণিরুদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এই মণিরুদ্দিনের সঙ্গেও জঙ্গি সংগঠন আল-কায়দার যোগ ছিল বলে পুলিশের কাছে খবর ছিল। তাকে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি পেনড্রাইভ উদ্ধার হয়েছে। সেখান থেকেও পুলিশ প্রচুর তথ্য পেয়েছে। আর সেই অনুযায়ী রাজ্যজুড়ে জাল বিছিয়ে রেখেছে। গত বছরই সেপ্টেম্বর মাসের ডায়মন্ড হারবার থেকে আল-কায়েদা জঙ্গি সন্দেহে আরো একজনকে গ্রেফতার করা হয়েছিল। এবার তাদের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

