গান্ধী মনে করতেন বাবাকে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, সুভাষ ও মহাত্মা সম্পর্কের নতুন দিক তুলে ধরলেন নেতাজি কন্যা অনিতা

আমাদের ভারত, ১৭ নভেম্বর:নেতাজি সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধীর সম্পর্ক নিয়ে গত কয়েক দশক ধরেই শোনা গিয়েছেন নানা কথা। এবার সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন নেতাজির কন্যা অনিতা বসু পাফ। মোহনদাস করমচাঁদ গান্ধী ও তাঁর বাবার সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে বুধবার একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, গান্ধীজী এবং নেতাজি দুজনেই দেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক। একে অপরের সাহায্য ছাড়া তাদের কাজ সম্পূর্ণ হতো না। তবে গান্ধীজি মনে করতেন তিনি নেতাজিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না।

সম্প্রতি পদ্মশ্রী প্রাপ্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত দাবি করেছেন, জওহারলাল নেহেরু এবং গান্ধী সুভাষ চন্দ্রকে ব্রিটিশদের হাতে তুলে দিতে চেয়েছিলেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, আদর্শগত দিক থেকে একসাথে গান্ধী এবং সুভাষ চন্দ্রের অনুসারী হওয়া সম্ভব নয়। কঙ্গনার বক্তব্য, দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। পদ্মশ্রী প্রাপ্ত অভিনেত্রীর এই মন্তব্যকে অনিতা একপেশে বললেও তিনি দুই নেতার মধ্যেকার ফাঁকের কথাও বলেছেন। তিনি বলেন, গান্ধীজী জানতেন তিনি নেতাজীকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। অন্যদিকে বাবা ছিলেন গান্ধীজীর ভক্ত।

তাঁর কথায় “ওরা দুজনেই দেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক এটা একটা সমন্বয়ের মত। কিছু কংগ্রেস নেতা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন একমাত্র অহিংস আন্দোলনের জন্যই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আমরা সবাই জানি নেতাজি ও আই এন এর কর্মকাণ্ডের বিরাট অবদান রয়েছে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনার ক্ষেত্রে। একইসঙ্গে এটা বলা ভুল হবে যে কেবল নেতাজির আই এন এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছিল। গান্ধীও বহু মানুষকে অনুপ্রাণিত করেছেন, নেতাজিকেও।” একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, “লক্ষ লক্ষ মানুষ দেশের স্বাধীনতায় অবদান রেখেছেন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *