বিমল গুরুংয়ের আধিপত্যে থাবা, পাহাড়ের রাজনীতিতে আত্মপ্রকাশ করল অনিত থাপার নতুন দল

আমাদের ভারত,দার্জিলিং, ৯ সেপ্টেম্বর: অবশেষে পাহাড়ের রাজনীতিতে আত্মপ্রকাশ করল অনিত থাপার নতুন রাজনৈতিক দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। বৃহস্পতিবার দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী জিমখানা ক্লাবে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন দলের প্রতীক ও পতাকার উন্মোচন করেন অনিত থাপা। অনিত থাপার নতুন দলের আত্মপ্রকাশ এই অনুষ্ঠানে মঞ্চে দেখা গেছে একঝাঁক রাজনৈতিক নেতা, সমাজসেবী, প্রাক্তন আমলা সহ বিশিষ্ঠ ব্যক্তিকে।

২০১৭ সালে বিমল গুরুং আত্মগোপন করার পর বিনয় তামাংয়ের সঙ্গে অনিত থাপা পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চা–২ তৈরি করে পাহাড়ে নিজেদের সংগঠন তৈরি করেন। কিন্তু বিমল গুরুং পাহাড়ে ফেরার পর ফের নিজের পুরনো জমি পুনরুদ্ধার করতে তৎপর হন। পাশাপাশি নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া চেষ্টা চালায় বিনয় তামাং ও অনিত থাপা। কিন্তু শেষমেশ বিধানসভা নির্বাচনে ব্যাপক পরাজয়ের পর আচমকাই মোর্চা–২ ত্যাগ করেন সভাপতি বিনয় তামাং। এরপরই গোর্খা জনমুক্তি মোর্চার দলীয় পতাকা নিয়ে দ্বন্দ্ব আরও মাথাচাড়া দেয়। শেষমেষ মোর্চা ছেড়ে পৃথক রাজনৈতিক দল গঠন করার ঘোষণা করেন অনিত থাপা। সেইমতো বৃহস্পতিবার দার্জিলিংয়ের জিমখানা ক্লাবে জাঁকজমক ভাবে পাহাড়ে রাজনীতিতে আত্মপ্রকাশ করল অনিত থাপার নতুন রাজনৈতিক দল “ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা”।

জানা গেছে অনিক থাপার এই নতুন দলে মোট ৬০ জনের কেন্দ্রীয় কমিটি হয়েছে। অনিত থাপার এই নতুন দলের পতাকা তিনটি অনুভূমিক রংয়ের এবং আয়তক্ষেত্রাকার আকৃতির হবে। পতাকার রং উপরে হলুদ, মাঝখানে ধূসর এবং নীচে রুবি লাল, যা সমান আকারের হবে। প্রতীকে রয়েছে হিমালয়ের চূড়ায় উদীয়মান সূর্য, পাহাড়ের নিচে বয়ে যাওয়া একটি নীল রঙের নদী, একটি চা পাতা, একটি বন এবং নীচে দুটি খুকুরি চিহ্ন একসাথে রয়েছে। পতাকার সিম্বলিক মানে হিসেবে বলা হয়েছে শীর্ষে হলুদ রঙ রয়েছে এর অর্থ বিশুদ্ধতা, ত্যাগ, মানবতা, শুভ এবং সহনশীলতার প্রতীক। মাঝখানে ধূসর রঙ নিরপেক্ষতা, বুদ্ধি, কমনীয়তা এবং শীতলতার প্রতীক। নীচে রুবি লাল রঙ অর্থাৎ সাহসিকতা, স্বাধীনতা এবং সামাজিক পরিবর্তনের প্রতীক।

অনিত থাপার নতুন রাজনৈতিক দল সম্পর্কে কার্শিয়াং এর বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা ওরফে বি পি বাজগাইন বলেন, অনিতের নতুন দলের জন্য তাঁকে শুভেচ্ছা। তবে একটাই কথা পাহাড়ের গোর্খারা ১৯০৭ সাল থেকে যে স্বপ্ন দেখেছে নতুন দল সেই স্বপ্ন যাতে বোঝে এবং স্বপ্ন পূরণ করে। তবে সমস্ত রাজনৈতিক দলগুলির উচিত এক হয়ে পাহাড়ের জন্য কাজ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *