“নবান্নের পুলিশ আসামীকে ধরবে না” ছেলের হত্যায় সিবিআই তদন্তের দাবিতে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবেন, জানালেন আনিসের বাবা

আমাদের ভারত, ১৬ এপ্রিল:পরপর পাঁচটি মামলায় সিবিআইকে তদন্তভার তুলে দিয়েছে হাইকোর্ট। ঝালদা, হাঁসখালি, বগটুই একের পর এক ঘটনায় হাইকোর্ট রাজ্যের উপর আস্থা রাখতে পারেনি। এই পরিস্থিতিতে আমতার আনিস খানের মৃত্যু মামলা সোমবার হাইকোর্টে উঠতে চলেছে। তার আগে শনিবার আনিস খানের বাবা সালেম খান দাবি করেছেন, ছেলের মৃত্যুর তদন্তে সিবিআই চাই। তার অভিযোগ নবান্নের পুলিশ কাউকে ধরবে না।

সালেম খান বলেছেন, সব জায়গায় সিবিআই তদন্ত হচ্ছে। ঝালদায় দিয়ে দিল, রামপুরহাটে দিয়ে দিল, হাঁসখালিতে দিয়ে দিল। কিন্তু আমার আনিসের বেলায় কেন দিচ্ছে না সেটাই আমি বুঝতে পারছিনা।

তবে হাইকোর্টের উপর আস্থা রেখে আনিসের বাবা বলেন, আদালতের উপর আমার ভরসা বিশ্বাস আছে। আমি আশা করি আমার ছেলে ন্যায় বিচারের জন্য হাইকোর্ট নিশ্চয়ই কিছু করবে।

সালেম খান আরও বলেছেন, সোমবার যদি আনিসের মামলায় হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ না দেন তাহলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। সিবিআই তদন্তের দাবি প্রসঙ্গে আনিসের বাবার যুক্তি ছিল, “পুলিশ তো আমার ছেলেকে খুন করেছে। আমতা থানার পুলিশ এসে মেরে গেছে। এতে ওসি জড়িত, ডিএসপি জড়িত। দিদির পুলিশ এসব করেছে। দিদি একটাও আসামি ধরবেন না”।

এদিন আনিসের গ্রামবাসীরা সারদা গ্রাম থেকে বাইনান গ্যারেজ পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করে। সালেম খান সেখানে বলেন সিবিআই তদন্ত ছাড়া আনিস ন্যায়বিচার পাবে না। সিটের উপর ভরসা নেই। সিটের তদন্তের কর্মপদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন আনিস খান। তিনি বলেন, সিট কিছু করছে না। দুবার জবানবন্দির নিয়ে সেই যে গেছে ব্যাস। এখন দেখার হাইকোর্ট সোমবার কি নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *