কলকাতা হাইকোর্টের আইনজীবী রজত দে হত্যা মামলায় দোষী সাব্যস্ত নিহতের আইনজীবী স্ত্রী অনিন্দিতা পাল

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৪ সেপ্টেম্বর:
কলকাতা হাই কোর্টের আইনজীবী রজত দে হত্যা মামলায় মৃতের স্ত্রী আইনজীবী অনিন্দিতা পাল দে কে সোমবার দুপুরে দোষী সাব্যস্ত করল বারাসাত জেলা আদালত, শাস্তি ঘোষনা হবে ১৬ সেপ্টেম্বর।

একবছর ৯ মাসের মাথায় বিচার প্রক্রিয়া কার্যত সম্পন্ন হল বারাসাত আদালতে। গত ২০১৮ সালের ২৪ নভেম্বর রাতে নিউটাউনের ডিবি ব্লকের ফ্ল্যাটে আইনজীবী রজত দে’র অস্বাভাবিক মৃত্যু হয়। আইনজীবীর বাবা দাবি করেন, এই ঘটনার সঙ্গে জড়িত তাঁর আইনজীবী পুত্রবধূ অনিন্দিতা পাল (Anindita Paul) দে। সে-ই রজতকে পরিকল্পনামাফিক খুন করিয়েছে বলেও অভিযোগ করেন ওই বৃদ্ধ। যদিও অনিন্দিতা সেই দাবি কখনোই মানেননি।

প্রথমে জানায়, স্বামীর মৃত্যু নিছকই দুর্ঘটনা। পরে আবারও নিজের বয়ান বদল করে। জানায়, তার স্বামী রজত আত্মঘাতী হয়েছেন। তদন্তে নেমে পুলিশ অনিন্দিতাকে গ্রেপ্তার করে। হাইকোর্টে তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। ইতিমধ্যেই ঘটনার জল গড়ায় সর্বোচ্চ আদালতেও। সুপ্রিম কোর্ট থেকে জামিন পায় অনিন্দিতা। তাই আপাতত জেলের বাইরেই ছিল সে। মূল মামলাটি বারাসত আদালতে চলছিল। একাধিক সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখা হয়। সোমবার মামলার শুনানি চলাকালীন পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন বিচারক। তারপরই তিনি জানিয়ে দেন, দুর্ঘটনা কিংবা আত্মহত্যা নয়, রজতকে খুন করা হয়েছিল। সেই ঘটনায় রজতের স্ত্রী অনিন্দিতাকেই দোষী সাব্যস্ত করেন বিচারক। বিচারক জানান, অনিন্দিতার সাজা ঘোষণা করা হবে ১৬ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *