‘জাগো বাংলা’য় লেখার জন্য ৩ মাসের জন্য সাসপেন্ড হতে পারেন অনিল-কন্যা

রাজেন রায়, কলকাতা, ১৬ আগস্ট: ‘জাগো বাংলা’য় উত্তর সম্পাদকীয় লেখা বেরোনোর পর পরই রীতিমতো হইচই পড়ে গিয়েছিল বিভিন্ন মহলে। তাতে রুষ্ট হয়েছিল সিপিএমও। ২৮– ৩০ জুলাই পর্যন্ত জাগো বাংলায় ‘বঙ্গ রাজনীতিতে নারী শক্তি’ শীর্ষক উত্তর সম্পাদকীয় লিখেছিলেন সিপিএমের সদস্য তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সহযোগী অধ্যাপক অজন্তা বিশ্বাস। সেখানে কংগ্রেস ও বাম নেত্রীদের ভূমিকা সংক্রান্ত বিষয় তুলে ধরার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা তুলে ধরে প্রশংসা করেন।

সূত্রের খবর, এর জন্য অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাসকে তিন মাসের জন্য সাসপেন্ড করতে পারে সিপিএমের দলীয় নেতৃত্ব। যদিও দলের গঠনতন্ত্র অনুসারে, অজন্তা যে অপরাধ করেছেন, তার জন্য সর্বোচ্চ এক বছর পর্যন্ত সাসপেন্ড শাস্তির বিধান আছে। সর্বোচ্চ এক বছরের বদলে তিন মাসের জন্য সাসপেনশন হতে পারে। প্রশ্ন উঠছে, অনিল কন্যার ওপর কি কিছুটা হলেও নরম আলিমুদ্দিন?

ইতিমধ্যেই তাঁর ‘শাস্তি’র সুপারিশের বিষয়ে সংশ্লিষ্ট এরিয়া কমিটি অর্থাৎ যে পার্টি কমিটিতে অজন্তা বিশ্বাসের সদস্যপদ রয়েছে, সেখান থেকে জেলা সম্পাদক মণ্ডলীর কাছে বিষয়টি আসে। অধ্যাপকদের সংগঠনের তরফে আসা এই সুপারিশে সবুজ সঙ্কেত দেয় জেলা সম্পাদক মণ্ডলীও। আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতায় জেলা কমিটির বৈঠক হবে। আর সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রাজনৈতিক মহলের দাবি, বাংলার রাজনীতিতে নারী শক্তির অবদান নিয়ে লিখলে স্বাভাবিক ভাবেই মমতার ভূমিকা আসবে। সেই মূল্যায়নই অজন্তা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *