আমাদের ভারত, ৯ মে: “আমার বিনীত অনুরোধ আইসিস এবং ব্রাইডস এই দু’টো শব্দকে গুগলে সার্চ করুন। হয়তো বুঝবেন এই ছবির বিষয়বস্তু কতটা সত্যি।”
অনেকেই ‘দ্য কেরালা স্টোরি’কে অতিরঞ্জিত বলে দাবি করেছেন। সেই প্রসঙ্গে এই ছবির নায়িকা আদাহ-র বক্তব্য, “অনেকেই বলেছেন, ছবিটি অতিরঞ্জিত।“ এর পরেই লিখেছেন “আমার বিনীত অনুরোধ…..। সামাজিক মাধ্যমে সামান্য কথায় সোচ্চার আদাহ। লিখেছেন, ”সাহস আছে ছবিটা দেখার?”
“আনিলাম অপরিচিতের নাম ধরণীতে“— রবীঠাকুরের এই পংক্তি অনেকটাই যেন ঠিক আদাহর ক্ষেত্রে। ছবিতে সেই অর্থে কোনও চেনা মুখ নেই। তবে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন ছবির মূল চরিত্র আদাহ শর্মা। ছবিতে শালিনী উন্নিকৃষ্ণণের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী আদা শর্মা। ট্রেলারে প্রথমে তাঁকে কেরল বাসী এক হিন্দু মেয়ের চরিত্রে দেখানো হয়। কিন্তু পরবর্তীকালে পরিকল্পনা করে ধীরে ধীরে ভুল বুঝিয়ে ধর্মান্তকরণ করা হয় তাঁকে। শেষে তাঁর জায়গা হয় আইসিস-এ। ছবিতে উঠে এসেছে লভ জিহাদের দৃষ্টিকোণও। কে এই আদাহ? কেমন ছিল আদাহ-র যাত্রাপথ?
বোধ হওয়ার পর থেকে তাঁর ধ্যানজ্ঞান আর স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়া। মুম্বইয়ে এক তামিল পরিবারে জন্ম আদাহর। বাবা পেশায় ছিলেন ভারতীয় নৌ-সেনার ক্যাপ্টেন। শোনা যায়, দশম শ্রেণির পরেই পড়াশোনা ছেড়ে দিতে চেয়েছিলেন আদাহ। তবে সেই সময় তাকে আরও পড়াশোনা করার পরামর্শ দিয়েছিলেন তাঁর বাবা-মা।বাড়ির কথা শুনে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন আদাহ। তারপর আর উচ্চশিক্ষার পথে পা বাড়াননি। দ্বাদশ শ্রেণির পর, মাত্র ১৭ বছর বয়সেই পাড়ি দেন অভিনয় জগতে।
অভিনয়ের পাশাপাশি তিনি একজন অত্যন্ত ভাল নৃত্যশিল্পীও। মূলত বেলি ডান্স করেন। দ্বাদশ শ্রেণির পর মুম্বইয়ের নটরাজ গোপী কৃষ্ণ কত্থক ডান্স অ্যাকাডেমি থেকে কত্থকে স্নাতক হয়েছিলেন আদাহ। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ব্যালে, সালসা ও জ্যাজ়ও শিখেছিলেন তিনি।
এসবের পাশাপাশি-
* ২০০৮ সালে অভিনয়ের জগতে আত্মপ্রকাশ।
* বিক্রম ভাট পরিচালিত ভৌতিক ছবি ‘১৯২০’র হাত ধরে ইন্ডাস্ট্রিতে ডেবিউ হয় তাঁর। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
* ভিনি ম্যাথিউর ছবি ‘হাঁসি তো ফসি’তে সকলের নজর কাড়েন আদাহ।
* হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ও কন্নড় ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি। পুরী জগন্নাথের ‘হার্ট অ্যাটাক’-এর মাধ্যমে তেলুগু ভাষার ছবিতে আত্মপ্রকাশ করেন আদাহ।
* ‘S/O Satyamurthy’-তে সামান্থা রুথ প্রভু আর আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেন আদাহ।
আর, এবার তাঁর অভিনীত ‘দ্যা কেরালা স্টোরি’ এনে দিয়েছে দেশজোড়া খ্যাতি।
দিন কয়েক আগে ছবি নিয়ে আবেগঘন পোস্ট করেন আদাহ। লেখেন, “ছবি দেখার মাঝে প্রেক্ষাগৃহে দাঁড়িয়ে হাততালি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছবি নিয়ে কথা বলেছেন। সমালোচক থেকে দর্শক সকলেই অভিনয়ের প্রশংসা করেছেন। বারবার ‘হাউসফুল’ বার্তাও পেয়েছি। আমি কখনও এতটা কল্পনা করতে করিনি। আমার স্বপ্ন যেন সত্যি হল।”
বর্তমানে দেশজুড়ে চর্চার কেন্দ্রে ‘দ্য কেরালা স্টোরি’। বাংলার সঙ্গে সঙ্গে তামিলনাড়ুতে বাতিল হয়েছে এই বিতর্কিত ছবির প্রদর্শনী। ছবিটিকে ‘মুসলিম প্রোপাগান্ডা’র ছবি বলে দাগিয়েছে বেশ কিছু রাজনৈতিক দল। তবে সব বিতর্ককে ছাপিয়ে বক্স অফিসে লক্ষ্মীলাভ করছে বাঙালি পরিচালকের ‘দ্য কেরালা স্টোরি’। আর এর মাধ্যমেই লম্বা দৌড়ের ঘোড়া হিসাবে চিহ্ণিত হয়ে গেলেন দক্ষিণী কন্যা আদাহ।

