আমাদের ভারত, ২০ নভেম্বর:ভারত বায়োটেকের করোনা টিকা কো-ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়ালে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করে নজির গড়লেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। ভারত বায়োটেকের করোনার টিকার তৃতীয় দফার ট্রায়াল শুরু হলো শুক্রবার থেকে। চূড়ান্ত পর্যায়ের এই ট্রায়াল যদি সফল হয় তাহলেই এই ভ্যাকসিন বাজারে আসবে।
মারন ভাইরাস করোনার ভ্যাকসিন আবিষ্কারে সাফল্য থেকে আরমাত্র কিছুটা দূরে ভারতীয় বিজ্ঞানীরা। তৃতীয় দফার ট্রায়াল শুরু হতেই ভ্যাকসিন প্রয়োগের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে এসেছেন হরিয়ানা স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। বৃহস্পতিবারই তিনি জানিয়েছিলেন দেশ ও দেশবাসীর স্বার্থে তিনি করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করবেন। আর সেই প্রতিশ্রুতি মত শুক্রবার তিনি কো-ভ্যাকসিন এর ট্রায়ালে অংশগ্রহণ করলেন।
শুক্রবার চিকিৎসকদের নজরদারিতে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রীকে টিকা দেওয়া হল। পিজিআই রহতক এবং স্বাস্থ্য দপ্তরের অধীনে চিকিৎসকদের তদারকিতে এই টিকা দেওয়া হয়।
হরিয়ানা স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ ভারত বায়োটেকের ভ্যাকসিনের তৃতীয় তথা চূড়ান্ত ট্রায়ালের জন্য সবার প্রথম স্বেচ্ছাসেবক হিসেবে নিজের নাম লিখিয়েছিলেন। সেই মতই শুক্রবার সকালে তার টিকাকরণ হয়েছে। আগামী কয়েকদিন তার স্বাস্থ্যের দিকে নজর রাখবেন চিকিৎসক তথা বিশেষজ্ঞরা। টিকাকরণের ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তার শরীরে লক্ষ্য করা যাচ্ছে কিনা তা দেখবেন তারা। তবে দেশবাসী স্বার্থে এভাবে কোনো রাজনৈতিক নেতার এগিয়ে আসা নজিরবিহীন।
ভারত বায়োটেকের করোনার ভ্যাকসিনের প্রথম দু’দফার ট্রায়াল সফল হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও ইঙ্গিত দিয়েছেন ২০২১-এর মার্চ-এপ্রিলের মধ্যে সাধারণ মানুষের টিকাকরণ শুরু হবে। তবে টিকাকরণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী চিকিৎসকরা। তারপর জনসাধারনের টিকাকরণ হবে।

