আমাদের ভারত, নন্দীগ্রাম, ১২ অক্টোবর: পথশ্রী প্রকল্পের কাজের শিলান্যাসের পর ক্ষুব্ধ এলাকাবাসীদের বিরুদ্ধে অনুষ্ঠানের মঞ্চ, চেয়ার টেবিল এমনকি শিলান্যাসের ফলক ভেঙ্গে ফেলার অভিযোগ। যা নিয়ে উত্তেজনা নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের সিঁদুরটিয়া এলাকায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজ্যব্যাপী পথশ্রী প্রকল্প চলছে। সেই প্রকল্প অনুযায়ী আজ নন্দীগ্রাম দু’নম্বর ব্লকের সিঁদুরটিয়া এলাকায় একটি রাস্তার কাজের শিলান্যাস অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শুরু হয় শিলান্যাসও হয়ে যায়। পরে বিডিওর ঘোষণাতেই ক্ষুব্ধ হয় এলাকার মানুষজন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদের এই রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। সেই রাস্তা পাকা হওয়ার কথা ছিল। অনুষ্ঠান হওয়াতে তারা ভেবেছিলেন রাস্তার কাজ শুরু হবে। দীর্ঘদিনের ভোগান্তির শেষ হবে। কিন্তু আজ বিডিও পথশ্রী প্রকল্পের শিলান্যাস করে রাস্তা সারানো হবে ঘোষণা করাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভের ফলে বিডিও সহ সরকারি আধিকারিকরা এলাকা ছাড়েন। এরপরই তারা অনুষ্ঠান মঞ্চ টেবিল-চেয়ার সমস্ত ভাঙ্গচুর করে। এমনকি শিলান্যাসের ফলকও ভেঙ্গে দেয়। পরে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


