স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৯ এপ্রিল : করোনার মধ্যেই ভোটে ব্যাবহার করা হয়েছে বেসরকারি সমস্ত বাস। বাস বা বেসরকারি যানবাহনে ভোটকর্মী থেকে ভিনরাজ্যের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চলাফেরা করেছে। ভোট শেষে বাসগুলি ফেরত দিলেও কোনও বাস বা বেসরকারি যানবাহন স্যানিটাইজ করে দেয়নি জেলা নির্বাচন দপ্তর। ফলে ওই অবস্থাতেই বাস ও বেসরকারি যানবাহনগুলিতে চলাচল করছে যাত্রী সাধারন। ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে অতিমারি করোনা সংক্রমণ। যেসমস্ত বেসরকারি বাস ভোটের কাজে ব্যাবহার করা হয়েছে সেগুলি স্যানিটাইজিং করার দাবি তুলেছে বাস মালিকদের সংগঠন উত্তর দিনাজপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশন। প্রশাসনের তরফে রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, এধরনের কোনও প্রস্তাব আসেনি, আসলে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে।
অতিমারি করোনা আবহের মধ্যেই হয়েছে উত্তর দিনাজপুর জেলার বিধানসভার ভোট। ভোটের জন্য উত্তর দিনাজপুর জেলা রিটার্নিং অফিসার জেলার সমস্ত বেসরকারি বাস ও অন্যান্য যানবাহন নিয়েছিল। সেই বাসগুলিতে বিভিন্ন বুথে ভোটকর্মী ও ভিনরাজ্য থেকে আসা কেন্দ্রীয় বাহিনীদের পাঠানো হয়েছে। ভোটপর্ব মিটে যাওয়ার পর বাসগুলো ফেরত দিয়ে দিলেও তা স্যানিটাইজিং এর ব্যবস্থা করেনি প্রশাসন। স্যানিটাইজিং ছাড়াই বাসগুলিতে বর্তমানে যাত্রী সাধারন চলাচল করছে। ফলে অতিমারি করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে।
বেসরকারি বাস মালিকদের সংগঠন উত্তর দিনাজপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক প্লাবন প্রামানিক জানিয়েছেন, অবিলম্বে প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি সরকারিভাবে ভোটের জন্য নেওয়া বেসরকারি বাস ও অন্যান্য যানবাহনগুলি স্যানিটাইজিং করে দেওয়ার জন্য। কেননা আমরা নিজেরা বাসগুলো দেওয়ার সময় স্যানিটাইজিং করতে পারছি না। যেহেতু তা অনেকটা সময় এবং ব্যায় সাপেক্ষ।
রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, বাস মালিকরা আমাদের কাছে এখনও পর্যন্ত এধরনের প্রস্তাব পাঠায়নি। প্রস্তাব এলে আমরা স্যানিটাইজিং করার উদ্যোগ গ্রহন করব।

