জে মাহাতো, আমাদের ভারত, ২১ মার্চ: করোনাকালে প্রায় দু’বছর বন্ধ থাকার পরে পরবর্তী সেমিস্টার অফলাইন করার সিদ্ধান্ত নিয়েছে খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে বিশৃঙ্খলা। কলেজে পাঠরত বহু ছাত্র-ছাত্রী যারা করোনাকালে বাড়ি ফিরে গিয়েছিল তারা অফলাইন পরীক্ষায় অংশ নিতে পারবে না বলে জানিয়েছিল আইআইটি কর্তৃপক্ষকে। কিন্তু আইআইটির তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যাদের অফলাইন পরীক্ষা দিতে আপত্তি রয়েছে তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হবে। এমন সিদ্ধান্ত ঘিরেই বিক্ষোভে সামিল হন পড়ুয়ারা।

সোমবার দুপুরে আইআইটির ডিরেক্টর বোর্ড এবং কাউন্সিল বোর্ডের কর্তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় টাউন থানার পুলিশ। ছাত্র-ছাত্রীদের দাবি, দ্রুত অফলাইন পরীক্ষার যাবতীয় সমস্যা নিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে বৈঠকে বসতে হবে আইআইটও কর্তৃপক্ষকে।

