উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ, পদত্যাগ তৃণমূলের অঞ্চল সভাপতির

আমাদের ভারত, হাওড়া, ২৫ আগস্ট: উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তুলসিবেড়িয়া অঞ্চল তৃণমল কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন মদন মোহন মন্ডল। ইতিমধ্যে হাওড়া জেলা পরিষদের এই সদস্য বিধায়ক তথা দলের নেতৃত্বের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

তৃণমূলের দলীয় সূত্রে খবর, মদনবাবু তার পদত্যাগ পত্রে অভিযোগ করেছেন বিধানসভা নির্বাচনের আগে বিধায়ক ডাঃ নির্মল মাজি এলাকার যুবকদের কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদিও নির্বাচন মিটে গেলেও তিনি তার প্রতিশ্রুতি রাখেননি। মদনবাবুর অভিযোগ, এলাকার যুবকরা কাজের দাবিতে নিয়মিত তাকে চাপ দিত। আর তিনি এই চাপ সহ্য করতে না পেরে অঞ্চল সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। যদিও এই ব্যাপারে একাধিকবার মদন মোহন মন্ডলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে মদনবাবুর পদত্যাগপত্র পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সভাপতি তপন চক্রবর্তী। তিনি জানান, মদনবাবু তাকে পদত্যাগপত্র পাঠিয়েছেন তবে দলীয় ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে মদন মোহন মন্ডলের পদত্যাগকে কটাক্ষ করেছেন বিধায়ক ডাঃ নির্মল মাজি। তিনি বলেন, মদনবাবু এখন কোনও পদে নেই সুতরাং তার পদত্যাগ পত্রের কোনও গ্রহণযোগ্যতা নেই। তার দাবি ইতিমধ্যে জেলায় দলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছে। সুতরাং নতুন কমিটি তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *