অঞ্চল সভাপতির নাম ঘোষণা হতেই ক্ষোভ, বাঁকুড়ার সিমলাপালে তৃণমূল কার্যালয়ে তালা দিলেন কর্মীরা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২ জানুয়ারি: তৃণমূলের নতুন অঞ্চল সভাপতি নিয়োগ হতেই বিক্ষোভ দেখা দিয়েছে খোদ জেলা তৃণমূল সভাপতির এলাকা সিমলাপালে। দলের বাঁকুড়া জেলা সভাপতি ‘টাকার বিনিময়ে’ ‘অযোগ্য’ ব্যক্তিদের অঞ্চল সভাপতি নিয়োগ করেছেন অভিযোগ তুলে আজ স্থানীয় স্কুল মোড়ে সিমলাপাল ব্লক কার্যালয়ে ভাঙ্গচুরের পাশাপাশি তালা দিলেন স্থানীয় নেতা কর্মীরা। সোমবার দুপুরের এই ঘটনায় সিমলাপাল ব্লক এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রসঙ্গত, এই সিমলাপালেরই বাসিন্দা বর্তমান বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র ওরফে ‘পুটক্যা’। তালডাংরার তৃণমূল বিধায়ক ও বর্তমান জেলা তৃণমূলের ‘অঘোষিত’ সর্বময় কর্তা অরূপ চক্রবর্তীর ‘অত্যন্ত ঘনিষ্ট’ দলের জেলা সভাপতি নিজের এলাকায় ‘পুটক্যা’ নামে পরিচিত। দিব্যেন্দু সিংহ মহাপাত্রের বিরুদ্ধে শাসক দলের স্থানীয় নেতা কর্মীদের ক্ষোভ দীর্ঘ দিনের। শুধুমাত্র ‘অরূপ চক্রবর্তীর ঘনিষ্ট হওয়ার কারণেই ব্লক সভাপতি হওয়ার যোগ্যতা না থাকা সত্বেও তাঁকে জেলা সভাপতি করা হয়েছে’ বলেও দলের অন্দরে গুঞ্জন রয়েছে। এই অবস্থায় দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এদিনের এই ঘটনা বলে অনেকে মনে করছেন। এবিষয়ে জেলা সভাপতির কোনও মন্তব্য মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *