নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদে শিক্ষক দিবসের দিনেই শান্তিপুরে অঙ্গনওয়াড়ি শিক্ষিকাকে আটকে বিক্ষোভ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৫ সেপ্টেম্বর: শিক্ষক দিবসের দিনেই শিক্ষিকাকে বিদ্যালয়ের ভেতরেই আটক করে রাখলেন গ্রামবাসীরা। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের হরিপুর মুসলিম পাড়ার ৫৮ নম্বর আইসিডিএস সেন্টারের।

এলাকাবাসীদের অভিযোগ, এই আইসিডিএস সেন্টারের শিক্ষিকা সন্ধ্যা পাল বিদ্যালয়ে ঠিকঠাক উপস্থিত হন না। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খাবারও তিনি ঠিকঠাক দেন না। শিক্ষিকাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, দীর্ঘ পাঁচ মাস বিলের বরাদ্দকৃত অর্থ পাচ্ছেন না তিনি। মাইনেও পাননি গতমাসে। তাই যেমন যেমন অর্থ বরাদ্দ হয় তেমন খাদ্যের যোগান দেন তিনি। এতে অভিভাবকরা অসন্তুষ্ট। তিনি এও বলেন, সরকার থেকে সঠিকভাবে তাদের দেওয়া হয় না ছাত্র-ছাত্রীদের খাবারের জন্য অর্থ। এছাড়াও যতটুকু অর্থ বরাদ্দ রয়েছে তাতে সকলকে সঠিক পরিমাণে পুষ্টিকর খাদ্য প্রত্যেকদিন দেওয়া সম্ভব হয় না।

যদিও গ্রামবাসীরা অভিযোগ জানান, আশপাশের সমস্ত আইসিডিএস সেন্টারে নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়া হয়। কিন্তু তাদের এই সেন্টারের শিক্ষিকা প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত হন না। এছাড়াও নিম্নমানের খাবার তিনি ছাত্র-ছাত্রীদেরকে দেন। যেই খাবার বাড়ির পোষা গরু ছাগল পর্যন্ত খেতে চায় না। এছাড়াও স্বাধীনতা দিবসের দিন ওই শিক্ষিকা সেন্টারে পতাকা পর্যন্ত তোলেননি। এই সমস্ত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এদিন গ্রামবাসীরা একত্রিত হন ওই আইসিডিএস সেন্টারের সামনে। তারপরেই শিক্ষিকা এলে তাকে সেন্টারের ভেতরে তালা দিয়ে বন্দি করে রাখেন।

এছাড়াও সকল গ্রামবাসীরা মিলে একটি লিখিত অভিযোগ জমা করেন ওই শিক্ষিকার বিরুদ্ধে। তারা চান অবিলম্বে ওই শিক্ষিকাকে এই সেন্টার থেকে বদলি করা হোক এবং নতুন কোনও শিক্ষিকাকে নিয়োগ করা হোক। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *