সমাজসেবার মধ্যেই বেঁচে থাকতে চান পুরুলিয়ার প্রবীণ শিক্ষক অনাদি চরণ নায়েক

সাথী দাস, পুরুলিয়া, ১৯ ডিসেম্বর: নিজের সঞ্চয় থেকে পথবাসী অসহায়দের হাতে খাবার আর কম্বল  তুলে দিলেন প্রবীণ প্রাক্তন শিক্ষক অনাদি চরণ নায়েক। পুরুলিয়ার মানবাজারের চাঁদড়ার বাসিন্দা এই শিক্ষক ফি বছর এটা করে থাকেন।

এবার করোনাকালে দুঃশ্চিন্তায় পড়েছিলেন। তাঁর এই দীন দানের কর্তব্য পালন করতে পারবেন কি না সংশয় ছিল। শেষ পর্যন্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। তাই, প্রায় পঁচাত্তর কিলোমিটার দূর থেকে জেলা সদরে পৌঁছান সেই সেবা করতে। সঙ্গে পথবাসীদের জন্য খাবার আর কম্বল নিয়ে আসেন তিনি। পুরুলিয়া শহরের শনি মন্দিরে গিয়ে সমাজের বঞ্চিত রোগাক্রান্ত অসহায়দের পাশে দাঁড়ান এই প্রবীণ। তাঁদের হাতে শুকনো খাবার, কম্বল তুলে দেন তিনি। রাত গভীর হতেই শীত জাঁকিয়ে বসে পুরুলিয়ায়। শহরের বিভিন্ন রাস্তায়, বাস স্ট্যান্ড, স্টেশন চত্বরে থাকা ভবঘুরে পথবাসীদের হাতে সেই সব জিনিস তুলে পরিতৃপ্ত হন এই প্রবীণ শিক্ষক। তাঁর এই কাজে সহযোগিতা করেন পুরুলিয়া শহরের বাসিন্দা সত্যজিৎ অধিকারী।

মানবাজারের মুকুন্দপুর প্রাথমিক স্কুল থেকে অবসর নিয়েছেন শিক্ষক অনাদি চরণ নায়েক। বর্তমানে তাঁর বয়স ৭৭ বছর। এই বয়সেও নানা সমাজ সেবামূলক কাজে নিজেকে যুক্ত রাখেন অনাদিবাবু। তিনি বলেন, “জীবনের মূল্য বলতে মানুষের সেবা আর দীন  দানই বুঝি। এটা বিভিন্নভাবে সারা বছর করি। আজীবন করে যেতে চাই।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *