নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের অস্বাভাবিক পরিণতি, রায়গঞ্জের কাশীবাটি এলাকায় বিক্ষোভ

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৬ জানুয়ারি: নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার কাশীবাটি এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম চেতন সিং। বাড়ি হেমতাবাদের বাঙ্গালবাড়ি এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, অত্যাধিক নেশা করার কারণে চেতন একটা সময় অবসাদগ্রস্থ হয়ে পড়ে। এরপর তার পরিবার ও আত্মীয়স্বজনরা সিদ্ধান্ত নিয়ে তাকে রায়গঞ্জের কাশীবাটি এলাকায় অবস্থিত একটি নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করায়। মৃতের দাদা চন্দন সিং বলেন, ৩ হাজার টাকা দিয়ে তাকে ভর্তি করানো হয়েছিল। মাসিক ৫ হাজার টাকা করে দেওয়া হত সেখানে। চিকিৎসার জন্য আরও কিছু টাকাও চাওয়া হয়েছিল। স্বপন বাবুর দাবি, বৃহস্পতিবার দুপুরে ফোন করে পরিবারকে চেতনের অসুস্থতার কথা জানানো হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর ৫ মিনিট পরই আসে মৃত্যুর খবর। শুক্রবার এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। এদিন পরিবার ও আত্মীয় পরিজন এবং প্রতিবেশীরা একজোট হয়ে ঐ নেশামুক্তি কেন্দ্রের সামনে জমায়েত হন। তারা কৈফিয়ত চান এই ঘটনার প্রেক্ষিতে। কিন্তু সদুত্তর না পেয়ে এদিন তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

পরিবারের অভিযোগ, চেতনকে ঐ নেশামুক্তি কেন্দ্রে চরম নির্যাতন করা হয়েছিল। সে কারণেই তার মৃত্যু হয়েছে। এবিষয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন তারা।

মৃতের প্রতিবেশী ধনঞ্জয় কুন্ডু বলেন, গত ২দিন ধরে চেতনের উপরে নির্যাতন করা হয়েছে। এই ঘটনার জন্য সম্পূর্ণ ভাবে কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছেন ধনঞ্জয় বাবু। সুবিচারের দাবি জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

এদিকে এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন ঐ নেশামুক্তি কেন্দ্রের অন্যান্য আবাসিকদের পরিবার পরিজনেরা। অনেকেই ছেলেদের সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য ভিড় করছেন। কাঞ্চন সরকার নামের এক মহিলা বলেন, তার ছেলে এই কেন্দ্রে রয়েছে। তবে চেতনের ঘটনার খবর শোনার পর তিনি ছেলেকে নিয়ে যেতে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *