পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২৯ অক্টোবর : পশ্চিম মেদিনীপুরের পিংলার বড়াই হাই স্কুলের সপ্তম শ্রেণির শিবশঙ্কর সিংহ নামে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত হিসেবে পুলিশ গ্রেপ্তার করেছে ডেকরেটর ব্যবসায়ী, বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি জগন্নাথ সিংহকে।
জানা গেছে, দিন কয়েক আগে ওই নাবালক শিবশঙ্করকে নিজের ডেকরেটর ব্যবসার কাজে জেলার নারায়ণগড়ে নিয়ে গিয়েছিলেন জগন্নাথবাবু। পরে সেখানেই তার মৃত্যু হয় এবং তার দেহ ময়নাতদন্ত না করিয়েই নিয়ে চলে আসা হয়। বৃহস্পতিবার রাতে সাঙ্গার বাজার এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান বিদ্যুৎপৃষ্ঠ হয়েই মৃত্যু হয়েছে শিব শংকরের।
পরিবারের অভিযোগ, তড়িতাহত করেই শিবশংকরকে খুন করা হয়েছে। শুক্রবার মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

