স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৩ মে:
রাস্তার পাশে প্রায় দেড় ঘন্টা ধরে পরে রইলেন অজ্ঞাত পরিচয় এক অসুস্থ এক বৃদ্ধা। করোনার আতঙ্কে সাহায্যের হাত বাড়ালেন না কেউ। এমনই অমানবিকতার ছবি ধরা পড়ল চোপড়ায়। ঘটনায় খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে।

রাস্তার ধারে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, প্রায় দেড় ঘন্টা ধরে সেখানে পড়েছিলেন ওই বৃদ্ধা। কেও বা কারা হয়তো তাকে সেখানে ফেলে রেখে গিয়েছেন। অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধার শ্বাস প্রশ্বাসের সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। অনেকেরই ধারণা করোনায় আক্রান্ত ওই বৃদ্ধা। তবে বৃদ্ধাকে উদ্ধারের ক্ষেত্রে স্থানীয় কারোর কোনও ভূমিকা লক্ষ্য করা যায়নি। অজ্ঞাত পরিচয় ওই মহিলাকে পড়ে থাকতে দেখে চোপড়া থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় এক বাসিন্দা অমিতবাবু জানান, মোটামুটি এক দেড় ঘন্টা ধরে বৃদ্ধা সেখানে পড়ে রয়েছেন। ওনার নিশ্বাসের অসুবিধা হচ্ছে। করোনা আক্রান্ত বলে মনে করা হচ্ছে। তাকে উদ্ধারের জন্য স্থানীয় কারোর কোনও ভূমিকা না দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

