সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ ডিসেম্বর: পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কলমবাগান এলাকায়। এখনও পর্যন্ত ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ হবে।
স্থানীয়রা জানিয়েছেন, কলমবাগানের গৌতম ভট্টাচার্য ও উত্তম ভট্টাচার্যের বাড়িতে একটি পুকুর রয়েছে। এদিন সকালে এক ব্যক্তি নারকেল পাড়তে গিয়ে দেহটি দেখে উত্তমবাবুদের খবর দেয়। পরিবারের সদস্যরা পুকুরে গিয়ে দেহটি দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এসে ভিড় করে। ছুটে আসে গাড়াপোতা ফাঁড়ির পুলিশ।

উত্তমবাবু জানিয়েছেন, এটি কার মৃতদেহ? কিভাবে এখানে এলো তা তারা বুঝে উঠতে পারছে না। পাশেই বাজার, রাতের বেলা কেউ পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে উঠতে পারেনি এমনটা হতে পারে। মৃতদেহের পরনে লাল গেঞ্জি রয়েছে। দেখে মনে হচ্ছে বছর চল্লিশ বয়স হতে পারে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। মৃত দেহের পরিচয় জানতে খোঁজখবর শুরু করেছে।

