আশিস মণ্ডল, বীরভূম, ১৯ ডিসেম্বর: “কলকাতা পৌর নির্বাচনে কোনও অশান্তি হয়নি। এই নির্বাচন দেখে বিজেপির শিক্ষা নেওয়া উচিত। কারণ ওরা ত্রিপুরায় যা করেছে সেটা লজ্জাজনক”। রবিবার রামপুরহাটে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে একথা বলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন তিনি দলের একটি বৈঠকে যোগ দিতে রামপুরহাটে আসেন। বিধানসভার ডেপুটি স্পিকার সহ দলীয় কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সেরে সন্ধ্যার দিকে বেরিয়ে যান।
যাওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কলকাতার পৌর নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। এর থেকে বিজেপির শিক্ষা নেওয়া উচিত। ওরা ত্রিপুরায় যা নোংরামি করেছে সেটা বলার নয়। আমরা পুরসভার ১৪৪ টি আসনেই জিতব”। কিছু এলাকায় অশান্তি হওয়ার বিষয়ে অনুব্রতকে প্রশ্ন করা হলে তিনি কিছুটা ক্ষুব্ধ হন। প্রশ্ন কর্তা সাংবাদিক কোন সংবাদ মাধ্যমের সেটা জানতে চান। এরপর বলেন, “কয়েকজন বহিরাগত ছেলে ডাঙ্গুলি খেলেছে। তাদের পিঠে কোথাও লেখা ছিল নাকি যে তারা তৃণমূল। কোথাও কোনও অশান্তি হয়নি। ভোট শান্তিপূর্ণ হয়েছে”।

