অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ জুন: আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে প্রবল বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে গুরুতর জখম এক প্রৌঢ়া। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের রায়বনী গ্রামের। আহত ওই প্রৌঢ়ার নাম ফুলমণি কিস্কু, বয়স আনুমানিক ৫৫ বছর। বাড়ি গোপীবল্লভপুরের ডাঙরা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি কয়েকদিন আগে রম্ভারাইবনী গ্রামে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলেন ওই আত্মীয়ের বাড়িতে। এমন সময় প্রবল বৃষ্টির শুরু হয়। ফুলমণি কিস্কু ঘুমিয়ে থাকার সময় ইট ও মাটি দিয়ে তৈরি দেওয়াল প্রবল বৃষ্টিতে ভেঙ্গে পড়ে তার উপর, চাপা পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে কোনো মতে উদ্ধার করে ভাঙ্গা দেওয়ালের ভেতর থেকে। ততখনাৎ গোপীবল্লভপুর থানায় খবরটি গেলে পুলিশ এসে তাকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, মহিলার কোমরে গুরতর চোট লেগেছে। এই মুহূর্তে তিনি গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন।

