স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৭ আগস্ট: নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গেল ষাটোর্ধ এক বৃদ্ধা। জানা যায়, নবদ্বীপ পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর, রাজবংশী পাড়া চৈতন্য কলোনির বাসিন্দা আনুমানিক ৬১ বছর বয়সী যমুনা রাজবংশী এদিন ভাগীরথী নদীতে স্নান করবেন বলে বাড়ি থেকে বের হন। এরপর তার বসতবাড়ি সংলগ্ন নদীর ঘাটে উপস্থিত কয়েকজন এলাকাবাসী তাঁকে নদীতে স্নান করতে যেতে দেখেন। কিন্তু এরপর হঠাৎ করে নিখোঁজ হয়ে যান ওই বৃদ্ধা।

পরে খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন নদীর ঘাটে এসে বৃদ্ধার লাঠি উদ্ধার করেন। কিন্তু খোঁজ খবর চালিয়েও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। এরপর নিখোঁজ ওই বৃদ্ধার খোঁজে ডুবুরি ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের খবর দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। শারীরিক অসুস্থতা থাকার কারণে ইদানিং যমুনা রাজবংশী বাড়ি থেকে কম বেরতেন। তবে এই দিন তিনি নদীতে স্নান করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান বলে পরিবার সূত্রে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়।


