হাতির হানায় মাটির দেওয়াল চাপা পড়ে প্রাণ গেল এক বৃদ্ধার

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ মে: মাটির দেওয়াল চাপা পড়ে হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধার। মাটির বাড়ির ছাদে উঠে অল্পের জন্য প্রাণে বাঁচলো ছেলে ও বৌমা। সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর গ্রামের ঘটনা। মৃত বৃদ্ধার নাম ভেদি মাহাতো (৭৮)।

বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর বন বিভাগের কলাইকুন্ডা রেঞ্জে বেশ কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে ৭০ থেকে ৮০টি হাতির একটি দল। বুধবার হাতির দলটি কলাইকুন্ডা রেঞ্জের বারডাঙ্গা বিটের মাইতি হ্যাচারি পোল্ট্রি ফার্ম সংলগ্ন একটি কাজু বাগানে ছিল। বুধবার রাতে হাতির দলটি পাঁচিল ভেঙ্গে মাইতি হ্যাচারি পোল্ট্রি ফার্মে ঢুকে যায়।

জানাগিয়েছে, ওই পোল্ট্রি ফার্মের মধ্যে হাতির দলটি ৩টি ভাগে ভাগ হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আনুমানিক রাত সাড়ে ন’টার সময় প্রথম ওই হাতির দল থেকে ১৫টি হাতি ভাগ হয়ে পোল্ট্রি ফার্ম থেকে বেরিয়ে চৌকিচটির দিকে চলে যায়। তার ঘন্টাখানেকের পরে আনুমানিক রাত সাড়ে দশটার সময় ৪৫ থেকে ৫৫টি হাতির একটি দল পোল্ট্রি ফার্ম থেকে বেরিয়ে প্রতাপপুর গ্রামের ধান জমির উপর দিয়ে কলাইকুন্ডা বিটের জটিয়ার জঙ্গলে চলে যায়। তখনো পর্যন্ত বেশ কয়েকটি হাতি পোল্ট্রি ফার্মের মধ্যেই ঘুরপাক খাচ্ছিল। রাত সাড়ে ১১টার সময় ৯টি হাতি পোল্ট্রি ফার্ম থেকে বেরিয়ে প্রতাপপুর গ্রামে ঢুকে পড়ে। প্রতাপপুর গ্রামে আনুমানিক ১৫০ থেকে ১৬০টি বাড়ি রয়েছে। খাবারের সন্ধানে বেশ কয়েকটি বাড়িতে হানা দেয় হাতিগুলি। সেই সময় মাটির বাড়ির ভেতরে ছেলে ও বৌমার সঙ্গে ঘুমোচ্ছিলেন ভেদি মাহাতো। খাবারের সন্ধানে হঠাৎ করে তাদের মাটির বাড়ির একটি অংশ ভেঙ্গে ফেলে হাতিগুলি। দেওয়াল ভেঙ্গে চাপা পড়ে যায় ভেদির উপর। প্রাণ বাঁচাতে মাটির বাড়ির ছাদে উঠে পড়ে ভেদি মাহাতোর ছোট ছেলে নবকান্ত মাহাতো ও তার স্ত্রী। পরে হাতি চলে গেলে ভেদি মাহাতোকে উদ্ধার করা হয়। রাতেই গ্রামে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। ভেদি মাহাতোকে পাঠানো হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে।

প্রতাপপুর গ্রামের বাসিন্দা হৃদয় মাহাতো বলেন, “বেশ কয়েকদিন ধরে আমাদের এই এলাকায় ৭০ থেকে ৮০টি একটি হাতির দল রয়েছে। খাবারের সন্ধানে রাতে গ্রামে ঢুকে যায় এবং একজনের বাড়ির মাটির দেওয়াল ভেঙ্গে ফলে। সেই দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হয়েছে গ্রামের এক বৃদ্ধার। এই ঘটনার পর থেকে সকলেই আমরা ভয়ে রয়েছি”।

খড়্গপুরের ডিএফও শিবানন্দ রাম বলেন, “প্রতাপপুর গ্রামে বন্য হাতির দ্বারা মাটির দেওয়াল চাপা পড়ে ভেদি মাহাতো নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সরকারি নিয়ম নীতি মেনেই ২৪ ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *