স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ জুলাই: গ্যাস সিলিন্ডার থেকে ঘরে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হলেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে নদিয়ার নবদ্বীপ পৌরসভার রানীর ঘাট এলাকায়। আহত বৃদ্ধের নাম বিষ্ণুপদ গুহ, বয়স ৭২ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যমগ্রামের বাসিন্দা ওই বৃদ্ধ রানীর ঘাট এলাকায় একাই বসবাস করেন। গতকাল সন্ধ্যায় ঘরে ঢুকে লাইট জ্বালাতে গিয়ে বোর্ডের সুইচ অন করতেই ঘরের ভেতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার থেকে ঘরটিতে আগুন ধরে যায়। আগুন নিভাতে গিয়ে গুরুতর আহত হন ওই বৃদ্ধ। গ্যাস সিলিন্ডারটির রেগুলেটরের নব খোলা ছিল বলে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান আহত বিষ্ণুপদবাবু।

পাশের বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে একজোট হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। এবং আহত বিষ্ণুপদ গুহকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ওই বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন।

