সাথী দাস, পুরুলিয়া, ২৩ ডিসেম্বর: পুরুলিয়ার ঝালদায় ঠান্ডার কারণে প্রাণ হারালেন এক বৃদ্ধ। ঝালদা থানা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাট ঝালদা গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব ওই বৃদ্ধের নাম কার্ত্তিক কর্মকার। বাড়িতে তিনি একা থাকতেন। কয়েক সপ্তাহ ধরে ঝালদা হাট তলায় একটি বট গাছের নীচে আশ্রয় নেন তিনি। ওই এলাকাতেই ভিক্ষাবৃত্তি করে জীবনধারণ করতেন তিনি। আজ সকালে তার নিথর দেহ পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা দেখতে পান। দেহের পাশে স্থানীয়রা কেউ যাননি। খবর পেয়ে ঘটনাস্থলে ঝালদা থানার পুলিশ ছুটে যায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয়দের অনুমান প্রচন্ড ঠান্ডাতে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। সোমবার সকাল থেকে তাপমাত্রা অনেকটাই কমে যায়। বৃহস্পতিবারও পারদ নেমে গিয়ে সর্বনিম্ন তাপমাত্রা হয় ৯.৪ ডিগ্রি। এছাড়া ঠান্ডা হাওয়া জনজীবনে প্রভাব ফেলে। বাড়ির মধ্যেও পর্যাপ্ত শীতবস্ত্র গায়ে দিয়ে থাকতে হচ্ছে। এই অবস্থায় ফাঁকা মাঠে ওই বৃদ্ধ পড়ে থেকেছেন। এই কারণে ঠান্ডা তাঁর মৃত্যুর কারণ হতে পারে বলে স্থানীয়রা জানান।

