স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৭ ডিসেম্বর: চায়ের দোকানে চা খেতে গিয়ে মালিকের মারে মৃত্যু হল এক বৃদ্ধর। ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিতলা রোডে। মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ অধিকারী, বয়স ৫৮ বছর। বিশ্বজিৎ অধিকারীর বাড়ি রামনগরের লিচুবাগানে।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত সাড়ে ন’টা নাগাদ কালিতলায় দিলীপ সরকারের চায়ের দোকানে চা খেতে যান বিশ্বজিৎ অধিকারী। সেই সময় দিলীপ সরকারের সঙ্গে তাঁর বচসা হয়। ওই সময় বিশ্বজিৎ অধিকারীকে মারধর করে দিলীপ। এরপর বাড়িতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই বৃদ্ধ। এরপর তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। দেখা দেয় উত্তেজনা। ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় রানাঘাট থানার পুলিশ। অভিযুক্ত দিলীপ সরকার পলাতক।এই ঘটনায় রানাঘাট থানায় একটি খুনের মামলা রুজু করা হয়েছে।


