আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ জুন: গৃহস্থের বাড়িতে কাঠ কাটার কাজে বেড়িয়ে পথ দুর্ঘটনায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের ওপর দাসপুর থানার গৌরার সিং পাড়ার কাছে। স্থানীয় সূত্রে জানাগেছে, মৃত ব্যক্তির নাম লক্ষীকান্ত মণি। ৫৮ বছরের লক্ষীকান্তর বাড়ি পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার টালটিয়া গ্রামে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গৌরা এলাকার দশ-বারোটি গ্রামে গৃহস্থের বাড়িতে কুঠার দিয়ে জ্বালানি কাঠ কাটার কাজ করতেন ওই ব্যক্তি। গাছের গুঁড়ি কিংবা আসবাবের জন্য ব্যবহৃত কাঠের বর্জিত অংশ অথবা জ্বালানির জন্য ব্যবহৃত গাছ চিরে তা কুঠার দিয়ে জ্বালানির উপযোগী করে কেটে দিতেন তিনি। জানাগেছে, যানবাহন বন্ধ থাকায় সাইকেল নিয়েই রবিবার ভোরবেলা বাড়ি থেকে বেড়িয়েছিলেন তিনি। বাড়ি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে সকাল ৬টা নাগাদ তিনি যখন গৌরার সিং পাড়া এলাকায় পৌঁছান তখন ঘাটালগামী একটি পিকআক ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পেছন থেকে ধাক্কা মারে। রাস্তার ওপর রাক্তাক্ত অবস্থায় পড়ে যান তিনি। ঘটনার পর ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই গুরুতর আহত লক্ষ্মীকান্তকে একটি আ্যম্বুলেন্সে তুলে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যান। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

