সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
১১ এপ্রিল: ষাঁড়ের তান্ডবে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ইছাপুর গ্রামে। মৃতের নাম নিতাই পাল (৭০)। সোমবার সকালে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রের খবর, এদিন সকাল ন’টা নাগাদ ইছাপুর গ্রামের নিতাই পাল নামে এক বৃদ্ধা বাড়ির পাশে কৃষি কাজ করছিলেন। এমন সময় একটি কালো ষাঁড় এসে তাকে আক্রমণ করে। বৃদ্ধকে আগে শিং দিয়ে তুলে আঁচড়ায়। পরে তাঁর বুকের উপর উঠে তান্ডব চালায়। স্থানীয়রা লাঠি, বাঁশ নিয়ে ছুটে এসে ষাড়টিকে তাড়া করে, ঘটনাস্থল থেকে নিমাইবাবুকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

নিতাই পালের দুই ছেলে এক মেয়ে। কর্মসূত্রে ছেলেরা বাইরে থাকে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়নি। স্থানীয় বাসিন্দা মহিনীমহন ব্যানার্জি, রবিন ঘোষ জানিয়েছেন, বহুদিন ধরে ষাঁড়টি এই এলাকায় ঘোরাফেরা করে। ষাঁড়টি কাউকে কোনদিন ক্ষতি করেনি। তবে, কয়েক মাস ধরে ষাঁড়টি একালার বাসিন্দাদের তাড়া করছিল। সম্প্রতি নিতাইয়ের ফুল বাগানের ক্ষতি করায় ষাড়টিকে মারধর করে নিতাইবাবু। আজও ষাঁড়টিকে বাঁশ দিয়ে মারধর করে। এরপরই ষাঁড়টি তার উপর আক্রমণ করে। স্থানীয়দের দাবি, ষাঁড়টিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক প্রশাসন। তবে এই ঘটনা নিয়ে কিছুই বলতে চাইছেন না পারিবারের সদস্যরা।

