স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৮ ডিসেম্বর:
হাই ড্রেনের ভেতরে পড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে হাইড্রেন খোলা অবস্থায় পড়ে থাকার কারণেই বৃদ্ধের এইভাবে মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি শান্তিপুরের নবীনপল্লীর দালাল পাড়ার। মৃত বৃদ্ধের নাম কার্তিক রায়, বয়স আনুমানিক (৭২) বছর।
জানা যায়, গতকাল রাত দশটা নাগাদ ওই বৃদ্ধ সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন, তখনই অসাবধানতাবশত সাইকেল থেকে পড়ে যান হাই ড্রেনে। হাই ড্রেনের গভীরে পড়ে যাওয়ার কারণে বৃদ্ধর মাথার এক অংশে গুরুতর আঘাত লাগে, হাই ড্রেনের ভেতরেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকেন। খবর পেয়ে পরিবারসহ এলাকার লোকজন ঘটনাস্থলে এসে হাইড্রেন থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার হাইড্রেনটি দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় পড়ে রয়েছে, যার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এর আগেও অনেকেই ড্রেনের ভেতরে পড়ে গিয়ে আহত হয়েছে। দীর্ঘদিন ফহরে শান্তিপুর পৌরসভাকে জানিয়েছেন এলাকার লোকজন কিন্তু কোনওরকম ব্যবস্থা গ্রহণ করেনি শান্তিপুর পৌরসভা। গতকাল রাতে হাইড্রেনের ভেতরে পড়ে গিয়ে বৃদ্ধর মৃত্যুর ঘটনায় শান্তিপুর পৌরসভার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা।

