আমাদের ভারত, হাওড়া, ৯ ডিসেম্বর: রাস্তা সংস্কারের কাজ করার সময় রোলারের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। মৃত বৃদ্ধের নাম ইয়াসিন আলী (৭২)। বাড়ি শ্যামপুরের অযোধ্যা গ্রামে। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বাগনান শ্যামপুর রোডে অযোধ্যায়। শ্যামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ ঘাতক রোলারটিকে আটক করলেও চালক পলাতক।
জানা গেছে বেশ কিছুদিন ধরে শ্যামপুর বাগনান রাস্তা সংস্কারের কাজ চলছে। বুধবার একটি অসাবধানতাবশত ইয়াসিন আলী রোলারের সামনে চলে আসেন। রোলারের ত ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনায় বৃদ্ধের মাথায় লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকে।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে জনতা। প্রায় আধঘন্টা বিক্ষোভ চলার পর পুলিশ জনতাকে শান্ত করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

