রায়গঞ্জে বিদ্যুৎ দফতরের কর্মীকে মারধরের অভিযোগ দফতরেরই এক আধিকারিকের বিরুদ্ধে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৭ জুন: বিদ্যুৎ দফতরের এক অস্থায়ী কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দফতরেরই এক আধিকারিকের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের সুপারমার্কেট সংলগ্ন বিদ্যুৎ বিভাগের প্রশাসনিক ভবনে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানাগেছে, আক্রান্ত কর্মীর নাম অনিমেষ দত্ত। তিনি পার্ট টাইম কর্মী হিসেবে কাজ করেন। অনিমেষবাবু জানিয়েছেন, অফিসে ঢোকার পর হঠাৎই তার উপরে চড়াও হন ডিভিশনের HR বন্ধু বিশ্বাস। কিছু বুঝে ওঠার আগেই নিজের মোবাইল ফোন দিয়ে আধিকারিক তাঁর মাথায় বেশ কয়েকবার আঘাত করেন বলে অভিযোগ। আঘাতে তাঁর মাথা ফেটে যায়। ঘটনায় রীতিমত হতবাক অনিমেষবাবু। তার চিৎকারে অন্যান্য কর্মীরা এসে তাকে উদ্ধার করে নিয়ে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

অনিমেষবাবু বলেন, এই আধিকারিকের ব্যবহার বরাবরই খারাপ। সকলের সাথেই মেজাজ চড়িয়ে কথা বলেন। এদিনের এই ঘটনায় সুবিচারের দাবি জানিয়েছেন তিনি। এই ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন বিদ্যুৎ কর্মী সংগঠনের সম্পাদক মাসুদ করিম। তিনি জানান, অ্যাটেন্ডেন্স সংক্রান্ত কোনো ঝামেলা নিয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে আধিকারিকের এহেন আচরনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

অপরদিকে অভিযুক্ত আধিকারিকের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কিছু বলতে চাননি। রায়গঞ্জ থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানাতে আসে আহত ওই কর্মী সহ অন্যান্য কর্মীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *