সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ নভেম্বর: বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ ঘটা করে পালনের উদ্যোগ শুরু হয়েছে। গতকাল অর্থাৎ রবিবার প্রেস ক্লাবের বিজয়া সম্মেলনে এবিষয়ে বিশেষ আলোচনা হয়। বাঁকুড়া বঙ্গবিদ্যালয় সভাগৃহে আয়োজিত সম্মলনে বিজয়া ও দীপাবলির শুভেচ্ছা বিনিময় পর্বের পর সমবেত সদস্যরা সুবর্ণ জয়ন্তী পালনে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
ক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ ভট্টাচার্য বলেন, এবছরই বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পন করছে।বছরভর বিভিন্ন কর্মসূচির মধ্যে রামানন্দ মেলা পুনরায় চালু করা, প্রেস ক্লাবের অতীত ঐতিহ্য তুলে ধরা, নবীন সাংবাদিকদের হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা অন্যতম।

উল্লেখ্য, বিশ্ববরেণ্য সাংবাদিক তথা সাংবাদিকতার অগ্ৰদূত রামানন্দ চট্টোপাধ্যায় বাঁকুড়া শহরের পাঠকপাড়ায় জন্ম গ্ৰহণ করেন। পাঠকপাড়ার সন্নিকটেই নির্মিত হয়েছে রামানন্দ নামাঙ্কিত প্রেস ক্লাবের নিজস্ব ভবন। ভবনের সম্মুখে প্রতিষ্ঠিত হয়েছে রামানন্দের আবক্ষ মূর্তি। এছাড়াও শহরের পোদ্দার পাড়ায় রামানন্দের আবক্ষ মূর্তি স্হাপিত হয়েছে। প্রতি বছর রামানন্দের জন্মদিনটি সাংবাদিক দিবস হিসাবে পালন করে ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব।

