আমাদের ভারত, মেদিনীপুর, ৮ জুন: আজ সবংয়ের বিডিওর উদ্যোগে বাঁধ মেরামতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন জল সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস ভুঁইঞা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার সেচ দপ্তরের দুজন সুপারিনটেনডেন্ট, প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইঞা, সবং পঞ্চায়েত সমিতির কর্মকর্তা, বিভিন্ন পঞ্চায়েত প্রধান সহ বিডিও তুহিন শুভ্র মহান্তি, সবং থানার ভারপ্রাপ্ত অফিসার সুব্রত বিশ্বাস। আগামী ১০ এবং ১১ জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং যসে চেয়েও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর বলছে। সেইমতো সভায় সিদ্ধান্ত হয় ২৬ তারিখ যে বৃষ্টি হবে তাতে সবংকে সবদিক দিয়ে রক্ষা করতে নদী বাঁধগুলোকে অবিলম্বে মেরামতি, ক্যালভার্ট, সুইচ গেটগুলো রিপিয়ারিং এবং যেসব জায়গায় বাঁধ দুর্বল হয়ে পড়েছে জরুরি ভিত্তিতে মেরামত করতে হবে এবং ২৪ ঘন্টা নজর দিতে হবে। কারণ কেলেঘাই, কপালেশ্বরী, বাগুইচন্ডা নদী প্রথম বার কাটা হয়েছিল প্রায় ১০ বছর আগে। তারপর পলি ও বালি নদীগর্ভে জমা হয়ে নদীর গতিপথ বন্ধ করে দিয়েছে। তাতেই সবং, নারায়ণগড়, ভগবানপুর, ময়না, পিংলা আবার ১০ বছর পর বিপদের সম্মুখীন হতে চলেছে। অতিবৃষ্টি হলে সবং সহ চার-পাঁচটি ব্লক ব্যাপক ক্ষতির মধ্যে পড়বে। তাই সবাইকে প্রস্তুত থাকার জন্য এবং সবরকম ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রী দুই মেদিনীপুরের ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন।

