প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের দুর্নীতিতে যুক্ত সবার নামেই এফআইআর হবে, সুকান্ত শুভেন্দু’কে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী

আমাদের ভারত, ২০ ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনেক পাকা বাড়ির মালিককে গৃহহীন বলে দেখানোর অভিযোগে রাজ্য রাজনীতি উত্তপ্ত। তার মধ্যে এই দুর্নীতি নিয়ে নতুন করে আজ কেন্দ্রীয় গ্রাম উন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং’য়ের কাছে অভিযোগ জানালেন বিজেপি রাজ্য সভাপতি ও রাজ্যের বিরোধী দলনেতা।

মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর সুকান্ত মজুমদার বলেন, কিভাবে তৃণমূলের নির্দেশে দুর্নীতি হয়েছে তা আমরা মন্ত্রীকে জানিয়েছি। মন্ত্রী জানিয়েছেন, এই দুর্নীতিতে যুক্ত সরকারি অফিসার কর্মী সবার বিরুদ্ধে এফআইআর করা হবে।

আবাস যোজনার বাড়ি নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে বাংলার রাজনীতি এখন সরগরম। শুধু বিজেপি নয়, একই অভিযোগ তুলেছে সিপিএমও। দুই বিরোধী দলেরই দাবি, আবাস যোজনার তালিকায় প্রকৃত প্রাপকদের নাম নেই। তার বদলে পাকা বাড়ি রয়েছে এমন তৃণমূল নেতা ও তাদের আত্মীয়দের নাম আছে। এবিষয়ে গিরিরাজ সিংকে লিখিতভাবেও কিছু তথ্য সুকান্তরা দিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার গিরিবাজের সঙ্গে ১০০ দিনের কাজের টাকা নিয়েও আলোচনা হয়েছে। এই প্রসঙ্গে সুকান্ত বলেন, “আমরা চাই ওই প্রকল্পে যারা কাজ করেছেন তারা যেন প্রাপ্য টাকা পেয়ে যান। কেন্দ্রের কাছে আমাদের দাবি, রাজ্য সরকারের টাকার হিসাব না পাওয়া পর্যন্ত আটকে রাখা হলেও শ্রমিকদের প্রাপ্য দিয়ে দেওয়া হোক।” বিজেপি সূত্রে জানা গেছে, এই প্রকল্প নিয়ে কেন্দ্র যাতে আরো তদন্ত করে সেই দাবি জানিয়েছেন শুভেন্দু। একইসঙ্গে আধার সংযোগ হয়নি এমন জব কার্ডের মাধ্যমে কারা কেন্দ্রীয় প্রকল্পে টাকা পেয়েছেন তার তদন্ত দাবি জানানো হয়েছে।

গিরিরাজের সাথে বৈঠকের পাশাপাশি মঙ্গলবার সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন শুভেন্দু। বিরোধী দলনেতা টুইট করে জানিয়েছেন, প্রায় ৩০ মিনিট ধরে বাংলার বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে তাদের। সূত্রের খবর, শাহের হাতে একটি পুস্তিকা তুলে দিয়েছে শুভেন্দু, তাতে তার বিরুদ্ধে রাজ্যের কোথায় কোথায় কোন মামলা রয়েছে তার বিবরণ রয়েছে। এদিকে শাহের সঙ্গে বৈঠকের আগেই মঙ্গলবার সংসদ ভবনের প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা হয় শুভেন্দুর। হঠাৎই মোদীর সঙ্গে মুখোমুখি হয়ে যান শুভেন্দু। তবে কুশল বিনিময় ছাড়া আর কোনো কথাই হয়নি উভয়ের মধ্যে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *