স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২০ ফেব্রুয়ারি: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সুধীর সরকার নামে চতুর্থ শ্রেণির এক কর্মী বিভাগেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাদপাতালে নিয়ে গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
জানা গেছে,রায়গঞ্জ থানার উকিলপাড়ার বাসিন্দা সুধীর সরকার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির স্থায়ী কর্মী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে তিনি সেরিকালচার বিভাগে কাজ করেন। জানা গেছে, বৃহস্পতিবার তাঁর হাতে বিধানসভা নির্বাচনের ডিউটির জন্য চিঠি আসে। নির্বাচনের ডিউটি চিঠি আসার পর থেকেই মানসিক অবষাদে ভুগছিলেন। বিশ্ববিদ্যালয়ের কর্মচারি সংগঠনের নেতার কাছে ডিউটি থেকে অব্যাহতির জন্য বিভিন্নভাবে আবেদন করেছিলেন। সংগঠন নির্বাচনের ডিউটি থেকে অব্যাহতি দেবার আশ্বাস দেবার পরও তিনি তাদের উপর ভরষা রাখতে না পেরে গতকাল বিশ্ববিদ্যালয় ছুটি হবার পর তিনি বিভাগে ফিরে এসে আত্মহত্যা করে বলে জানিয়েছে সেরিকালচার বিভাগের প্রধান ডঃ অমিত মন্ডল। রাত্রি অনেক গড়িয়ে যাবার পর বাড়িতে না ফেরায় সুধীরবাবুর ছেলে শুভঙ্কর সরকার বিশ্ববিদ্যালয়ের এসে খোঁজাখুজি করলে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।


