পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ ডিসেম্বর: খিদের জ্বালায় দিনের বেলায় গৃহস্থের ঘর থেকে চল্লিশ কেজির ধানের বস্তা শুঁড়ে করে তুলে দৌড় দিল হাতি। গৃহ কর্তা চোখের সামনে দাঁড়িয়ে দেখলেও কিছু করতে পারেননি। তবে গ্রামের অন্যদের আশঙ্কা এভাবে খাবারের খোঁজে ফের প্রবেশ করবে অন্য হাতিরাও। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত মেটালা গ্রামে।
শুক্রবার সকালেই ঝাড়গ্রামের মানিক পাড়ার জঙ্গল থেকে দল বিচ্ছিন্ন হয়ে একটি দাঁতাল হাতি প্রবেশ করেছে মেদিনীপুর সদর ব্লকে। পলাশিয়া গ্রাম সংলগ্ন এলাকা হয়ে জঙ্গলে ছিল। ওই জঙ্গল সংলগ্ন এলাকাতে আরও তিনটি হাতি ছড়িয়েছিল। তাদেরই একটি হাতি শুক্রবার বিকেলে মেটালা গ্রামে প্রবেশ করে। গ্রামবাসীদের নজরেই পড়েনি। দিনের বেলা জঙ্গল দিয়ে গ্রামে ঢুকেছিল হাতি। দেখা যায় গ্রামের প্রান্তে থাকা এক ব্যক্তির দরজার সামনে রাখা ধানের বস্তা তুলে নিয়ে দৌড়াচ্ছে হাতিটি। অনেকেই রে রে করে ছুটে গেলেও হাতি বস্তা নিয়েই দৌড় দিয়।

স্থানীয়দের কয়েকজন জানান, বস্তাতে প্রায় চল্লিশ কেজি ধান ছিল। এই ভারি বস্তাটিকে একবারের জন্যও না রেখে হাতিটি দৌড়েছে। জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে বস্তা ছিঁড়ে ধান খেয়েছে সে। ঘটনার জেরে ওই এলাকায় নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ধারণা, গ্রামে ঢুকে এভাবে ধান খেয়ে যাওয়ার পর হাতির লোভ বেড়ে যেতে পারে। ফলে আবার লোকালয়ে প্রবেশ করতে পারে রাতে। বনদফতর ও হুলা পার্টিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছেন তারা।

