অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩ অক্টোবর:
জঙ্গলমহলের মানুষের মনে হাতি আতঙ্ক কোনওভাবেই পিছু ছাড়ছে না। প্রতিনিয়ত হাতির আতঙ্কে থাকতে হচ্ছে এলাকার মানুষকে। সেই ধারাবাহিকতায় এদিন জঙ্গল ছেড়ে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় হানা দিল দলছুট দাঁতাল রামলাল। এদিন দলছুট রামলাল ভোরে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের জঙ্গল এলাকা থেকে সুবর্ণরেখা নদী পার হয়ে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের আলমপুর গ্রামের কাছে নদীর পাড় বেয়ে উঠে। পরে পিড়াশিমূল, টোপগেড়িয়া বাকড়া হয়ে জঙ্গলে প্রবেশ করে বলে জানা গেছে।
হাতিটি গ্রামগুলো পার হওয়ার সময় পিড়াশিমূল গ্রামের একটি মাটির বাড়ি ভেঙ্গে একটি চালের বস্তা খাওয়ার পাশাপাশি বেশকিছু জিনিসপত্র ক্ষয়ক্ষতি করে। বনদপ্তর এই দাঁতাল হাতিটির নামকরণ করেছে রামলাল।

