আমাদের ভারত, ব্যারাকপুর, ১১ ফেব্রুয়ারি: এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা করার ঘটনায় ফের একবার অশান্ত হয়ে উঠলো ভাটপাড়া। ভাটপাড়ার শীতলাতলায় এক মাছ ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে।ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করায় তাকে ভয় দেখাতে দুষ্কৃতীরা একটি বোমা ছোড়ে বলেও অভিযোগ। যদিও সেটি না ফাটায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেই সময় ওই ব্যবসায়ী চিৎকার করতে শুরু করে। তার চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে ভাটপাড়া থানার অন্তর্গত কাকিনাড়ার শীতলাতলা এলাকায়।
প্রতিদিন ভোর বেলায় কাঁকিনাড়া পানপুরে মাছ বাজারে এবং সবজি বাজারে দূর দূরান্ত থেকে কেনাকাটা করতে যায় ব্যবসায়ীরা। আর ভোররাতে সেই সুযোগে এই ধরনের দুষ্কৃতী কার্যকলাপ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই এলাকায়। এর আগেও এই ধরনের দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে ওই এলাকায়। আর বার বার এই ধরনের ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ এলাকাবাসী থেকে ব্যবসায়ী সকলেই। বার বার এই ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ নিষ্ক্রীয়, যার ফলে দুষ্কৃতি কাজকর্ম বেড়েই চলেছে বলেই অভিযোগ।
হাটে আসা ব্যবসায়ীদের বক্তব্য, “আমরা রোজ কাক ভোরে আসি এখানে। আর আমাদের কাছ থেকে যদি বারবার টাকা ছিনতাই হয়, আমাদের ওপর বোমা ছোড়ে তাহলে আমরা ব্যবসা করবো কি করে। পুলিশের উচিত এই সব দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া। কিন্তু পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না।”
তবে অপর দিকে পুলিশ প্রশাসনের বক্তব্য, বার বার এই ধরনের ঘটনা ঘটছে বলে তারা ওই এলাকায় পুলিশি প্রহরার ব্যবস্থা করেছেন। সেই সঙ্গে এই সমস্ত ঘটনার সাথে কারা জড়িত আছে তার খোঁজ শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।

