আমাদের ভারত, ১৯ মে:
পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির জন্য এবার আবেদন জমা পড়ল দেশের শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে এই মামলাকারী হলেন আইনজীবী ঘনশ্যাম উপাধ্যায়। তিনি আবেদনে বলেছেন, পশ্চিমবঙ্গে ভোটের পর ব্যাপক হিংসা চলছে। বাংলায় তালিবানি ব্যবস্থা কায়েম হতে চলেছে। তাই কেন্দ্রীয় সরকারকে সেই রাজ্যের ৩৫৬ অনুচ্ছেদ প্রয়োগের নির্দেশ দিক সুপ্রিম কোর্ট।
পশ্চিমবঙ্গের বিজেপির ১৬ জন কর্মী-সমর্থককে খুন করা হয়েছে বলে শীর্ষ আদালতের দাবি করেছেন ঘনশ্যাম উপাধ্যায়। তিনি আবেদন করেছেন হিংসার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেওয়া হোক। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপালের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠক আদালত।
পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও আবেদনে উল্লেখ করেছেন ঘনশ্যাম। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন বাংলায় তালিবানি ব্যবস্থা কায়েম হতে চলেছে। পশ্চিমবঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছে তাতে মনে হচ্ছে এই সরকার আসার পর একটি রাজনৈতিক দল একনায়কতন্ত্র কায়েম করতে চাইছে। বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে। তাই এই তালিবানি রাজত্ব কায়েম হওয়ার থেকে দেশকে বাঁচান।
নির্বাচনের আগে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে এসেছে বিজেপি নেতারা। নির্বাচনের পরেও হিংসার ঘটনায় তারা একই দাবি করেছেন। এদিকে নারদ কান্ডে সিবিআই তৎপরতার পরে বিভিন্ন মহলে রাষ্ট্রপতি শাসন নিয়েও জল্পনা শুরু হয়েছে।

