“মানবতা এবং দলবদ্ধতার একটি আশ্চর্যজনক উদাহরণ,” উত্তরকাশী সম্পর্কে মোদী, আনন্দ প্রকাশ রাষ্ট্রপতির

আমাদের ভারত, ২৯ নভেম্বর: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার-অভিযান
মানবতা এবং দলবদ্ধতার একটি আশ্চর্যজনক উদাহরণ। মঙ্গলবার রাতে এই মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এক্স হ্যাণ্ডেলে তিনি লিখেছেন, “উত্তরকাশীতে আমাদের শ্রমিক ভাইদের উদ্ধার অভিযানের সাফল্য সবাইকে আবেগাপ্লুত করছে। সুড়ঙ্গে আটকে পড়া বন্ধুদের বলতে চাই, আপনাদের সাহস ও ধৈর্য সবাইকে অনুপ্রাণিত করছে। আমি আপনাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি।

এটা খুবই তৃপ্তির বিষয় যে দীর্ঘ অপেক্ষার পর আমাদের এই বন্ধুরা এখন তাদের প্রিয়জনের সাথে দেখা করতে পারবে। এই প্রতিকূল সময়ে তাঁদের পরিবার যে ধৈর্য ও সাহস দেখিয়েছে, কেবল তার প্রশংসাই যথেষ্ঠ নয়।

এই উদ্ধার অভিযানের সাথে জড়িত সবার আত্মাকেও আমি নমস্কার জানাই। তাদের সাহসিকতা ও দৃঢ়তা আমাদের শ্রমিক ভাইদের নতুন জীবন দিয়েছে। এই অভিযানের সাথে জড়িত প্রত্যেকেই মানবতা এবং দলবদ্ধতার একটি আশ্চর্যজনক উদাহরণ স্থাপন করেছে।”

উত্তরাখণ্ডের উদ্ধারকার্যে মানুষের ধৈর্যের প্রমাণ পাওয়া গিয়েছে। মঙ্গলবার রাতে এই মন্তব্য করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন,“উত্তরাখণ্ডের একটি সুড়ঙ্গে আটকে পড়া সব শ্রমিককে উদ্ধার করা হয়েছে জেনে আমার স্বস্তি হচ্ছে। আমি আনন্দিত। ১৭ দিনেরও বেশি সময় ধরে তাঁদের কষ্ট স্বীকার করতে হয়েছে। কারণ উদ্ধার প্রচেষ্টা বাধার সম্মুখীন হয়েছে। মানুষের ধৈর্যের প্রমাণ পাওয়া গিয়েছে। জাতি তাদের মনোভাবকে সম্মান জানায়। বাড়ি থেকে অনেক দূরে, এমনকি বড় ব্যক্তিগত ঝুঁকি নিয়েও গুরুত্বপূর্ণ অবকাঠামো তৈরির জন্য শ্রমিকদের প্রতি সবাই কৃতজ্ঞ।

এই উদ্ধারকার্য ইতিহাসের সবচেয়ে কঠিন উদ্ধার মিশনগুলির অন্যতম। এর সঙ্গে যুক্ত বিভিন্ন দল এবং বিশেষজ্ঞদের আমি অভিনন্দন জানাই। অভীষ্ঠ লক্ষ্যে তাঁরা অবিশ্বাস্য দৃঢ়তা এবং সংকল্পের সাথে কাজ করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *