স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৩ মার্চ: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের নিউ উকিলপাড়া এলাকা থেকে একটি পূর্ণবয়স্ক শেয়ালকে উদ্ধার করলো পশুপ্রেমী সংগঠন ও বনদপ্তরের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার শেয়ালটি হঠাৎ দিনের বেলায় বেরিয়ে এসে কয়েকজনকে কামড় দেয়। এদের মধ্যে একজনকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা তাড়া করতেই শেয়ালটি একটি বাড়ির পাশে থাকা দেওয়ালের ফাঁকে পড়ে আটকে যায়। খবর পেয়ে এলাকায় ছুটে আসে পশুপ্রেমী সংস্থার সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শিয়ালটিকে উদ্ধার করে খাঁচাবন্দি করে তুলে দেওয়া হয় বনদপ্তরের হাতে।

পশুপ্রেমী সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, একটি পূর্ণবয়স্ক শেয়াল হঠাৎ জনবহুল এলাকায় এসে স্থানীয় একটি মাঠে কয়েকটি শিশুকে কামড় দেয়।প্রাথমিকভাবে শেয়ালটি জলাতঙ্ক গ্রস্থ বলে মনে করছেন তারা। তারা শেয়ালটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন এবং ঘটনাস্থলে বন্যপ্রাণ সচেতনতা মূলক প্রচারও করেন তারা।

