আমাদের ভারত, ২৯ অক্টোবর: অমৃত কলস যাত্রা উপলক্ষ্যে রবিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন বিজেপির শীর্ষ নেতারা। সেখানে ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, রাহুল সিনহা সহ একাধিক নেতা। মিছিলে মাথায় করে তেরঙ্গা কলসি নিয়ে হাঁটেন সুকান্ত মজুমদার।
আজ কলকাতায় বিজেপির অমৃত কলস যাত্রা কলেজ স্কোয়ার থেকে শুরু হয়, শেষ হয় ধর্মতলার ওয়াই চ্যানেলে। ধর্মতলার ওয়াই চ্যানেলে এসে বক্তব্য রাখেন পদ্ম নেতারা।

স্বাধীনতা দিবসের আগে মন কি বাত অনুষ্ঠানে শহিদদের স্মরণে “মেরি মাটি মেরা দেশ” কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সমস্ত শহিদদের সম্মান জানাতে এই কর্মসূচির অধীনে সারা দেশের বিভিন্ন প্রান্তে শহিদ ভূমি থেকে মাটি সংগ্রহ করার কথা জানান প্রধানমন্ত্রী। তারপর সেই মাটি নিয়ে দিল্লিতে অমৃত বাটিকা গড়ে তোলা হবে।
আজ সুকান্তর নেতৃত্বে অমৃত কলস যাত্রায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে যোগদান করেন বিজেপি নেতারা। আমার মাটি আমার দেশ প্রকল্পের কাজে বিগত দু’মাস ধরে বাংলার একাধিক প্রসিদ্ধ জায়গায় ঘুরেছেন সুকান্ত, সংগ্রহ করেছেন পবিত্র মাটি। আজ সেই সমস্ত মাটি আনা হয় কলকাতায়। কলসি মাথায় নিয়ে মিছিলে হাঁটেন সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা। এবার সংগৃহীত মাটি পাঠিয়ে দেওয়া হবে দিল্লিতে। জানা যাচ্ছে, এই মাটি নিয়ে বিজেপির বিভিন্ন ব্লকের নেতা কর্মীরা রবিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। আজকের মিছিলে ঢাকিরা ঢাক বাজান। এই মিছিলের নাম দেওয়া হয়েছিল কলকাতা থেকে কর্তব্য পথ। আগামী ৩১শে অক্টোবর সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্মৃতিতে এই মাটি জমা হবে দিল্লিতে।
সুকান্ত মজুমদার বলেন, “আমরা বিভিন্ন গ্রাম, ব্লক থেকে যে মাটি সংগ্রহ করেছিলাম আজ তা কলকাতা এসেছে। পশ্চিমবঙ্গের পবিত্র মাটি রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দের মাটি। সেই মাটি দিল্লি পৌঁছানো হবে। দিল্লিতে কর্তব্য পথের পাশে যে অমৃত উদ্যান তৈরি হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের মাটি পৌঁছাবে।”

