নির্বাচনের ১৫ দিন আগে বিজেপিতে যোগ দিলেন বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল চেয়ারম্যান অমল আচার্য

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ এপ্রিল: ভোটের মাত্র ১৫ দিন আগে বড়সড় ভাঙন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলে। বুধবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ইটাহারের শাহেনশা তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান অমল আচার্য। শুধু অমল আচার্যই নয়, তৃণমূলের এই দাপুটে নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্য, ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ অসংখ্য তৃণমূল নেতা কর্মী। ইটাহারে বুধবার বিজেপির রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের অভিভাবক শুভেন্দু অধিকারী ও ঘনিষ্ঠ নেতা অমল আচার্য। যদিও উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, অমল আচার্য দল ছেড়ে গেলেও দলে কোনও প্রভাব পড়বে না। দলত্যাগী তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান অমল আচার্যের বিষয়টি রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট আকারে পাঠানো হবে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ইটাহার বিধানসভা কেন্দ্রে দুবারের তৃণমূল কংগ্রেস বিধায়ক অমল আচার্যকে এবার প্রার্থী করেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। উত্তর দিনাজপুর জেলায় একসময়ের তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এই বিধায়ককে এবার টিকিট না দিয়ে উত্তর দিনাজপুর জেলাপরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মুশাররফ হোসেনকে প্রার্থী করেছে তৃণমূল সুপ্রিমো। আর এতেই ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতা কর্মীরা ক্ষুদ্ধ হন। যদিও শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই দলে নিষ্ক্রিয় হয়ে পড়েন ইটাহারের দোর্দণ্ডপ্রতাপশালী তৃণমূল নেতা ও দলের জেলা চেয়ারম্যান অমল আচার্য। এরপর ইটাহারে দলের টিকিট না পাওয়ায় তৃণমূল কংগ্রেসের সাথে একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করেন ইটাহারের দুবারের তৃণমূল কংগ্রেস বিধায়ক অমল আচার্য। প্রত্যাশা মতোই বুধবার তৃণমূল কংগ্রেসের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগদান করলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অমল আচার্য। অমল বাবুর সাথে এদিন বিজেপিতে যোগ দিলেন ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সহ অসংখ্য তৃণমূল নেতা কর্মী।

বিজেপিতে যোগদান করেই অমল আচার্যের হুঙ্কার, তিলে তিলে গোটা উত্তর দিনাজপুর জেলাজুড়ে তৈরি করেছিলাম তৃণমূল কংগ্রেস দল। কথা দিচ্ছি এই জেলা থেকে এই বেইমান, গদ্দার, কাটমানির দলকে নিশ্চিহ্ন করে দেব। আজকের এই যোগদান সভায় হাজার হাজার মানুষের আগমনই বলে দিচ্ছে ইটাহার শুধু নয় গোটা উত্তর দিনাজপুর জেলাতেই পদ্মফুলের চাষ করা হবে। আমার সাথে বেইমানি করেছে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। আমি এই কর্পোরেটের দলে থাকব না। পিকের টিমের দলের থাকব না বলে জানালেন দলত্যাগী তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অমল আচার্য।

যদিও উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, দীর্ঘদিন ধরে দলে নিষ্ক্রীয় ছিলেন অমল আচার্য। তাঁর তৃণমূল ছেড়ে যাওয়ায় দলে কোনও প্রভাব পড়বে না। অমল আচার্যের দল ছাড়ার বিষয় নিয়ে রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *