আমাদের ভারত, ৮ মে: ‘সর্বোত্তমভাবে ছলনাময়ী’। ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করায় নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন এ রাজ্যে বিজেপি-র সহ পর্যবেক্ষক অমিত মালব্য।
অমিতবাবু টুইটারে লিখেছেন, “কেরালার গল্পটি নির্যাতিতদের বাস্তব জীবনের বিবরণের উপর ভিত্তি করে। যদি কেউ অন্য রকম দাবি করেন, তিনি সর্বোত্তমভাবে ছলনাময়ী। তিনি ইসলামপন্থীদের বিবেচনা করছেন এমন একজন সহযোগী। আরও খারাপ… আপনারা মেয়েদের সাথে সিনেমা দেখতে যান। তাদের চারপাশের মন্দ পরিকল্পনা সম্পর্কে জানতে হবে…”
এদিন সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকার প্রেস বিবৃতির মারফত জানায়, “রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হল। এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে আশঙ্কা করে কলকাতাসহ সব জেলাতে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হল। শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত।” এর আগে মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সম্মেলনে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন।

