আমাদের ভারত, ১২ এপ্রিল: নববর্ষের আগে রাজ্যে আছেন অমিত শাহ। সিউড়িতে জনসভা করবেন তিনি।
জানাগেছে, পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে বঙ্গ বিজেপি কার্যকর্তাদের সঙ্গে বৈঠকও করবেন বিজেপির চাণক্য। কেষ্টহীন বীরভূমে ইদানিং বিজেপির একাধিক কর্মসূচি যথেষ্ট সফল ভাবে হতে দেখা গেছে। এমনকি রামনবমীর মিছিলে তৃণমূলের নেতাদের অংশগ্রহণ নিয়ে নয়া জল্পনা তৈরি হয়েছে। তার মধ্যে শাহের সভা, বিজেপির জেলা সংগঠন কতটা শক্তি বাড়াতে সক্ষম হয়েছে তার পরীক্ষা দেবে বলে মনে করেছেন রাজনীতিবিদরা।
সিউড়িতে বেণীমাধব স্কুলের মাঠে অমিত শাহের সভা হবে ১৪ তারিখ দুপুর দু’টোয়। রাজ্য বিজেপি নেতৃত্ব সূত্রে খবর, সেই মাঠ পরিদর্শনও করে ফেলেছেন বিজেপি নেতারা। এই সভায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। সিউড়িতে সভার পর রাতে বিজেপি কার্যকর্তাদের নিয়ে বৈঠক করতে পারে না অমিত শাহ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রস্তুতির পাশাপাশি লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে বিজেপি। সাংগঠনিক প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা খতিয়ে দেখতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী বলে সূত্রের খবর।
সিউড়িতে সভার পর ১৫ই এপ্রিল পয়লা বৈশাখে তিনি দক্ষিণেশ্বরে পুজো দিতে যেতে পারেন বলে জানাগেছে। কয়েক মাস আগে সিউড়িতে অমিত শাহের সভা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে যায়। ওই সময় সিউড়ি ছাড়াও মথুরাপুর আরামবাগেও অমিত শাহের সভা করার পরিকল্পনা হয়েছিল। কিন্তু দিল্লিতে জরুরি কাজের কারণে অমিত শাহের বাংলা সফর বাতিল হয়। কিন্তু এবার সিউড়ির সভা ঘিরে বঙ্গ বিজেপির উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। কেষ্টহীন বীরভূমে পঞ্চায়েত ভোটে ভালো ফল হবে বলেই দাবি করেছেন বঙ্গ বিজেপি নেতারা। আর সম্প্রতি রামনবমীর মিছিলে বিরাট জনসমাবেশ তাদের দাবিকেই পুষ্ট করে।

