স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরে বড় চমক! সৌরভ গাঙ্গুলির বাড়িতে নৈশভোজে যাবেন অমিত শাহ

আমাদের ভারত, ৫ মে: স্বরাষ্ট্রমন্ত্রীর এবারের রাজ্য সফরে অন্যতম বড় চমক সৌরভ গাঙ্গুলির বাড়িতে নৈশভোজে যাবেন অমিত শাহ। পরিকল্পনা মাফিক যদি সমস্ত কিছু চলে তাহলে শুক্রবার রাতে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির বাড়িতে নৈশভোজ সারবেন অমিত শাহ। তার সঙ্গে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্যসভার সংসদ স্বপন দাশগুপ্তর যাওয়ার কথা।

বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের আগেই নাকি এই বিষয়টি ঠিক হয়েছিল। কিন্তু রাজ্য নেতৃত্বের অধিকাংশই এই খবরটি জানতেন না। বৃহস্পতিবার রাজ্য বিজেপি সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ অমিত শাহ, শুভেন্দু অধিকারী এবং স্বপন দাশগুপ্তের যাওয়ার কথা সৌরভের বেহালার বাড়িতে। ঘটনাচক্রে তার আগে অমিত শাহ থাকবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের একটি অনুষ্ঠানে। আর সেই অনুষ্ঠানের নৃত্য পরিবেশন করবেন সৌরভ জায়া ডোনা গাঙ্গুলি। কেন্দ্রের ওই অনুষ্ঠানে রাজ্যের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও রাজ্যপাল জগদীপ ধনকর ওই অনুষ্ঠানে আমন্ত্রিত। তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান তথা খাতায়-কলমে রাজ্যের প্রতিনিধিও বটে।

বিজেপি সূত্রে সৌরভের বাড়িতে অমিত শাহের নৈশভোজে যাওয়াকে রাজনৈতিক বলে ব্যাখ্যা করা হচ্ছে না। তাদের বক্তব্য এটি নেহাত সৌজন্য বিনিময়। অমিতের পুত্র জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের সৌরভের ডেপুটি। সেই সূত্রে আগে বেশ কয়েকবার আমেদাবাদে অমিতের বাসভবনে সৌরভকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই নিমন্ত্রণ তিনি রক্ষাও করেছেন। ফলে সহকর্মীর বাবা তার বাড়িতে নিমন্ত্রিত হয়ে যেতেই পারেন।

উভয় পক্ষ এই বিষয়ে রাজনীতি আনতে না চাইলেও রাজনৈতিক জল্পনা তো এসেই পড়ছে। কারণ রাজ্যে ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি সৌরভকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরতে চেয়েছিল বলে খবর শোনা গিয়েছিল। কিন্তু এও শোনা যায় সৌরভ সে প্রস্তাবে নাকি সাড়া দেননি। যদিও এই খবরের সত্যতা প্রকাশ্যে আসেনি। তবে এতকিছুর পরেও বিজেপির সঙ্গে সৌরভের সম্পর্কের কোনো অবনতি হয়নি‌। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভের সম্পর্ক যথেষ্টই ভালো। কারণ প্রশাসক সৌরভ হওয়ার ক্ষেত্রে মমতা এবং অমিত শাহ দুজনেরই ভূমিকা রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *